২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রিয়ালের পর গেতাফে? বেল বললেন গুজব

গ্যারেথ বেলকে গেতাফে দলে ভেড়াতে যাচ্ছে বলে সপ্তাহ জুড়ে স্প্যানিশ ফুটবলে চলছে আলোচনা। তবে পুরো বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিলেন ওয়েলস তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 12:18 AM

Updated : 14 Jul 2022, 06:22 PM

রিয়াল মাদ্রিদের সঙ্গে সদ্য শেষ হওয়া মৌসুম পর্যন্ত চুক্তি ছিল বেলের। কাগজে-কলমে ৩০ জুন ‍পর্যন্ত চুক্তি থাকলেও এরই মধ্যে সান্তিয়াগো বের্নাবেউকে বিদায় জানিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী উইঙ্গার।

ক্লাব ফুটবলে গত কয়েক বছর ভালো না কাটলেও জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটছে বেলের। ৬৪ বছর পর দেশকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে।

কাতার বিশ্বকাপেও ওয়েলসের বড় ভরসা হতে পারেন বেল। তবে এর আগে ‘ঠিকানাবিহীন’ বেলকে ক্লাব ফুটবলেও নিয়মিত হতে হবে। স্বয়ং ওয়েলস কোচ রব পেজ এই শর্ত জুড়ে দিয়েছেন।

তাই সবার আগে বেলের এখন করণীয় নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করা। তবে সেটা যে গেতাফে নয়, শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন তিনি।

“আমি গেতাফের হয়ে খেলতে যাচ্ছি না, এটা নিশ্চিত। তবে যেখানেই আমি যাই না কেন আমার জন্য লাভবান হবে, কারণ আমি বিশ্বকাপের আগে ম্যাচগুলো খেলব।”

সদ্য শেষ হওয়া মৌসুমে টেবিলের ১৫তম স্থানে থেকে লিগ শেষ করেছিল গেতাফে।