‘ট্রফির পাশে আরেকটু যদি থাকা যেত’
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব বাংলাদেশের জন্য অনেক দূরের স্বপ্ন হলেও সোনালী ট্রফিটা এখন ঢাকায়। দেশের ফুটবলপ্রেমীরা এ নিয়ে খুবই উচ্ছ্বসিত। ট্রফি প্রদর্শনীকে ঘিরে বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছিল তাই উৎসবের আমেজ।
সকালের মুষল ধারার বৃষ্টিও পারেনি তাদের সামনে বাধা হতে। তবে খুব কম সংখ্যক সাধারণ মানুষ ট্রফিটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।
কেউ অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন শুধু ট্রফিটা এক নজর দেখবেন ও ছবি তুলবেন বলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক তরুণ যেমন পরীক্ষা শেষে শুধু ট্রফি দেখার জন্যই ঢাকায় থেকে গেছেন।
কাতার বিশ্বকাপ সামনে রেখে ট্রফি ট্যুরের অংশ হিসেবে বুধবার দুপুরে ঢাকায় আসে বিশ্বকাপ ট্রফি। ফিফা প্রতিনিধিদের সঙ্গে এসেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ঁ কাহেম্বু।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা, বিশ্বকাপ ফুটবলের বড় পৃষ্ঠপোষকদের একটি কোকা কোলা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্দেগ্যে এই ট্রফি বাংলাদেশে এসেছে।
কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দেশসহ মোট ৫১টি দেশে ভ্রমণ করবে এই ট্রফি। এর আগে ব্রাজিল বিশ্বকাপের আগে ২০১৩ সালে সবশেষ ঢাকায় এসেছিল ট্রফি।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার পর প্রথম দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে রাতে ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজ। বৃহস্পতিবার সকালে সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হয় ট্রফি।
১১টার দিকে নামা বৃষ্টিতে সেই লাইন ভেঙে যায়। অনেকেই নিরাপদে অবস্থান নিতে ছোটেন। তবে কিছু সময় পর বৃষ্টির মাঝেই ট্রফিটা কাছ থেকে দেখতে তৎপর হয় সবাই। অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজেও এসেছেন।
বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রেডিসন ব্লুতে ট্রফি দেখার সুযোগ পেয়েছে মানুষ। সবচেয়ে বড় আকর্ষণ ছিল আসলে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারাটা। তবে মাত্র ২ হাজার ৫০০ জনের জন্য এই ব্যবস্থা ছিল। যার বেশিরভাগই ছিল সৌজন্য টিকেট।
কিছু সাধারণ মানুষ আয়োজক কোকা কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে অনুষ্ঠানের টিকেট পেয়েছেন।
বিকেলে আর্মি স্টেডিয়ামে ছিল কনসার্টের আয়োজন। বৈরি আবহাওয়া অবশ্য তাতে বাগড়া দেয়। বিকেলে বাফুফে এক বিবৃতিতে কনসার্ট বাতিলের কথাও জানায়। দুই ঘণ্টা পরই অবশ্য আরেক বিবৃতিতে ৮টা থেকে কনসার্ট শুরু হবে বলে জানায় সংস্থাটি।
দিনের প্রথম ভাগে যারা ট্রফিটা দেখতে পেরেছেন ও ছবি তুলতে পেরেছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বাগেরহাটের এই তরুণ ১০টায় লাইনে দাঁড়িয়ে ১০টা ৫০ মিনিটে হোটেল লবিতে ঢুকতে পারেন। ট্রফির সঙ্গে ছবি তোলার পর আরও অনেকক্ষণ আনন্দ নিয়ে তিনি অবস্থান করেন হোটেল লবির পাশে।
“বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারব, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমি জানতামও না। আর পুরোটা আমার ভাগ্যের ওপর নির্ভর করেছে। কারণ আমরা মেসের ১৩ জন একসঙ্গে চেষ্টা করেছি টিকিট সংগ্রহের। তার মধ্যে মাত্র দুজন টিকেট পেয়েছি।”
“আজকের অনুভূতি বলে প্রকাশের মতো না। কখনও ভাবতে পারিনি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারব। দিনটার জন্য আমি খুব রোমাঞ্চিত ছিলাম। টিকেট নিশ্চিত হওয়ার পর আমি পরিবার, বন্ধু বান্ধব সবাইকে জানিয়েছিলাম।”
এইচএসসি পেরুনো ইমন শেখ ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি ফরিদপুর চলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু শুধু ট্রফির সঙ্গে ছবি তুলবেন বলে থেকে গেছেন ঢাকায়। সৌজন্য টিকেটে বড় ভাইয়ের সঙ্গে এসেছেন অনুষ্ঠানে।
তবে ট্রফির সঙ্গে ছবি তোলার পরও কিছুটা আক্ষেপ ছিল তার কণ্ঠে, “অনুভূতি ভালো। কিন্তু আরেকটু সময় দাঁড়াতে পারলে আরও ভালো লাগত। খুব কম সময় দেওয়া হয়েছে।”
টিকেটধারীরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরেছেন, তবে সেটা পুরোটাই আয়োজকদের ব্যবস্থাপনায়। নিজ ফোন বা ক্যামেরায় কেউ ছবি তোলার সুযোগ পাননি।
অনুষ্ঠানে ফুটবলার বা অন্য খেলার জাতীয় ক্রীড়া তারকাদের উপস্থিতি তেমন ছিল না। জাতীয় ফুটবল দলের সদস্যরা অবশ্য এশিয়ান কাপের বাছাই খেলতে এখন মালয়েশিয়ায়। বাফুফেতে নারী ফুটবল দলের আবাসিক ক্যাম্প থাকলেও তাদের কারও দেখা মেলেনি।
ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে বিশ্বনাথের স্ত্রী বলছিলেন ভালোলাগার কথা। এ সময় বিশ্বনাথের জন্যও জানালেন শুভ কামনা।
“অনেক বেশি ভালো লাগছে। উনাকে (বিশ্বনাথ) তো অবশ্যই মিস করছি। উনি যেহেতু জাতীয় দলের ডিউটিতে আছেন, সেখানে যেন ভালো করে খেলেন, শুভ কামনা তার জন্য।”
কুস্তিগীর শিরিন বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি কিছুতেই। তার প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপ জিতবে বলেও প্রত্যাশা জানিয়ে রাখলেন।
“আসলে আমরা তো খেলোয়াড়। খেলোয়াড় হিসেবে যে কোনো খেলার ট্রফি-মেডেল আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা তো বিশ্বকাপ খেলতে পারছি না। মাঠে বসে আমাদের খেলাও দেখা হচ্ছে না। এই ট্রফির মাধ্যমে সেই আনন্দটা উপভোগ করার চেষ্টা করছি।”
“এর আগে ২০১৩ সালে যখন ট্রফি এসেছিল, তখনও ছবি তুলছিলাম। বিশ্বকাপ খেলতে না পারলেও ট্রফিটা বাংলাদেশে এসেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমার পছন্দের দল ব্রাজিল। সমর্থক হিসেবে কাতারে এই ট্রফিটা ব্রাজিল জিতবে সেটাই প্রত্যাশা করি।”
এদিন ট্রফির সঙ্গে ছবি তোলার পরও অনেকের কণ্ঠে আক্ষেপ ঝরল নিজ দেশকে বিশ্বকাপের মঞ্চে দেখতে না পারার। এইচএসসির শিক্ষার্থী হাসান রিয়াদ এর দায় দিলেন বাফুফেকে।
“এটা সম্পূর্ণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘাটতি। ফুটবলের জন্য কেউ এগিয়ে আসে না। ক্রিকেটের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ফুটবলে স্পন্সরই খুঁজে পাওয়া মুশকিল।”
“ক্রিকেটে যে ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়, সেখানেও অনেক স্পন্সর থাকে। কিন্তু ফুটবলে যে লিগগুলো হয় সেখানে কয়টা স্পন্সর খুঁজে পাবেন?”
শিকদার রাকিবও দায় দেখেন দেশের ফুটবল প্রশাসনের।
“আমাদের ফুটবলের যে ম্যানেজমেন্ট আছে এটা তাদের ব্যর্থতা। তারা ফুটবলের কোনো উন্নয়ন করে না, যথাযথভাবে ট্রেনিং দেয় না। এজন্যই হয়তো এ অবস্থা।”
“আমাদের ফেডরেশন সভাপতি বলেছিলেন, আমরা ২০২২ বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা বিশ্বকাপে যেতে পারলাম না। ট্রফি আসল, শুধু ছবি তুলেই আমাদের তৃপ্তির ঢেঁকুর তুলতে হলো।”
