‘বিশ্বকাপে ভালো করতে ডার্ক আর্ট শিখতে হবে’
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়েলস সমতা টানার পর ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে হেরে গেছে গ্যারেথ বেলের দল। এর জন্য ওয়েলস অধিনায়ক দায়ী করছেন রক্ষণে তাদের আক্রমণাত্মক মনোভাবের অভাবকে। তার মতে, বিশ্বকাপে ভালো করতে হলে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে তাদের।
নেশন্স লিগে গত বুধবার ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস।
৫০তম মিনিটে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টেনেছিল ওয়েলস। কিন্তু ৯৪তম মিনিটে ওয়াউট বেহর্স্টের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন খালের দল।
বেহর্স্টের হেড থেকে করা গোলটিতে আক্রমণের সূচনা করেছিলেন ফ্রেংকি ডি ইয়ং। মাঝমাঠ থেকে ওয়েলসের কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যান বার্সেলোনা মিডফিল্ডার।
আর এখানেই নিজেদের দুর্বলতা দেখছেন বেল। ম্যাচের পর এসফোরসিকে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেন, উচিত ছিল কোনো একজনের ডি ইয়ংকে ফাউল করে আটকে দেওয়া। তিনি আশাবাদী, বিশ্বকাপে কাজে লাগবে এই অভিজ্ঞতা।
“সমতা টানা গোল করা এবং এরপর গোল হজম করাটা হতাশার কিন্তু এমন পরিস্থিতি সামলানোর জন্য আমাদের ডার্ক আর্ট শিখতে হবে।”
“বিশ্বকাপে যদি এটি আবার ঘটে, তাহলে আমাদের যা করা দরকার তা করতে হবে... যখন খেলতে হবে শীর্ষ দলগুলোর বিপক্ষে তখন যা করা দরকার, তা না করলে এর মূল্য দিতে হবে।”
কদিন আগে প্লে-অফে ইউক্রেইনকে হারিয়ে ৬৪ বছর পর কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওয়েলস। ‘বি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।
