২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ে পেনাল্টি মিস আজীবন তাড়া করবে জর্জিনিয়োকে

কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ থেকে বিদায়ের পর ইতালিকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। তাতে উঠে আসছে বাছাইয়ে জর্জিনিয়োর কিছু পেনাল্টি মিসও। চেলসি মিডফিল্ডার নিজেও অনুশোচনায় পুড়ছেন সেই ব্যর্থতাগুলো নিয়ে। আক্ষেপ নিয়ে তিনি বলছেন, ওই মিসগুলো ভুলতে পারবেন না কখনোই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 05:05 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

মাত্র ৮ মাস আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া ইতালি বিস্ময়করভাবে ছিটকে গেছে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে। বাছাইয়ে প্লে-অফের সেমি-ফাইনালে তাদেরকে বিদায় করে চমক দেখিয়েছে নর্থ মেসিডোনিয়া। বৃহস্পতিবারের ম্যাচটিতে তারা জিতেছে ১-০ গোলে।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে রানার্সআপ হওয়ায় ইতালিকে প্লে-অফে খেলতে হয়েছিল। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের চারটি ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের পেছনে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা হারায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যদিও ইতালির সামনে সুবর্ণ সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তা কাজে লাগাতে পারলে তাদের প্লে-অফে হৃদয়ভঙ্গের বেদনায় পুড়তে হতো না। বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া দুই লেগের ম্যাচেই পেনাল্টি মিস করেন জর্জিনিয়ো। এর মধ্যে বেশি দৃষ্টিকটু ছিল ঘরের মাঠের ম্যাচটি। 

১-১ গোলে সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ইতালি। কিন্তু স্পটকিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন জর্জিনিয়ো। তার নেওয়া শট পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায় বাইরে।

নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচের পর রাই স্পোর্টের সঙ্গে আলাপচারিতায় জর্জিনিয়ো বলেন, পেনাল্টি থেকে গোল করতে না পারার অপরাধবোধ প্রবলভাবে আচ্ছন্ন করছে তাকে।

“যখন আমি (মিস করা পেনাল্টিগুলো) নিয়ে চিন্তা করি, তা আমাকে ব্যথিত করে, কারণ এখনও এটি নিয়ে চিন্তা করি এবং বিষয়টি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে।”

“দুবার (দুটি পেনাল্টি) সুযোগ পেয়েও দল ও দেশকে দেশকে সাহায্য না করতে না পারা এমন একটি ব্যাপার, যা আমাকে সবসময় বয়ে বেড়াতে হবে এবং এটা আমার ওপর চেপে বসেছে। লোকে বলে, মাথা উঁচু করে সামনে এগিয়ে যেতে হবে আমাদের, কিন্তু তা কঠিন।”

নামের ভারে ও শক্তির ধারে নর্থ মেসিডোনিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকা ইতালি পুরো ম্যাচে একচেটিয়া আধিপাত্য দেখিয়ে একের পর আক্রমণ করে গেছে। নর্থ মেসিডোনিয়া দুই অর্ধ জুড়েই ব্যস্ত ছিল ঘর সামলাতে। সেভাবে আক্রমণ শানানোর চেষ্টাও দেখা যায়নি দলটির মাঝে।

কিন্তু ফল পক্ষে পেতে তো প্রয়োজন গোল করার। এখানেই ব্যর্থ ইতালি। পুরো ম্যাচে ইতালির আক্রমণের ঢেউ সামলে শেষ সময়ে কাজের কাজটি করে বাজিমাত করেছে মেসিডোনিয়া।

জর্জিনিয়ো মনে করেন, বাছাইয়ে নিজেদের শেষের দিকের কয়েকটি ম্যাচ ও প্লে-অফের ম্যাচে ছোটখাটো ভুলের চড়া মাশুল দিতে হয়েছে তাদের।

“কী হয়েছে, তা ব্যাখ্যা করা কঠিন। এটা অনেক বেশিই কষ্ট দিচ্ছে। সত্যি বলতে, আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগছে। আমি মনে করি না আমাদের সৃজনশীলতার অভাব ছিল, কারণ আমরা সবসময় আধিপত্য বিস্তার করেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। দুর্ভাগ্যবশত, আমরা তা কাজে লাগাতে পারিনি।”

“আমরা ভালো ফুটবল খেলেছি, আমরা গত গ্রীষ্মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত গত কয়েকটি ম্যাচে আমরা ছোটখাটো ভুল করেছি এবং সেগুলো থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি। এটিই পার্থক্য গড়ে দিয়েছে।”

ম্যাচে ইতালি গোলে উদ্দেশে ৩০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল চারটি। পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি মনে করেন, গোলের সামনে গিয়ে বারবার তালগোল না পাকালে ইতালির চিত্রটা হয়ত ভিন্ন হতেও পারতো।

“এটা মেনে নেওয়া কঠিন। আমি মনে করি, আমরা এই ম্যাচে আধিপত্য বিস্তার করেছি এবং আমাদের জেতা উচিত ছিল। আমাদের জিততেই হতো।”

“এটা ফুটবল, এখানে মূল ব্যাপার হলো সূচারুরূপে ও সুনিপুণভাবে কাজ করা। এটা ব্যাখ্যা করা খুব কঠিন, একটি দুঃস্বপ্ন।”