রোনালদোর চোখে সমালোচকরা ‘ঝামেলা’
মাঠে নামলেই গোল করাটাকে ক্রিস্তিয়ানো রোনালদো এমন অভ্যাসে পরিণত করেছেন যে কয়েকটা ম্যাচে গোল না পেলেই যেন সুযোগ পেয়ে যান সমালোচকরা। সুর ওঠে, ‘ফুরিয়ে গেছেন রোনালদো।’ ছয় ম্যাচের খরা কাটিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে জালের দেখা পেয়ে নিন্দুকদের জবাব দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। বললেন, সমালোচকদের কাজই শুধু ‘ঝামেলা’ তৈরি করা।
গোলহীনতা তো ছিলই, সাম্প্রতিক সময়ে মাঠে রোনালদোর উপস্থিতিও ছিল সাদামাটা। সব প্রতিযোগিতা মিলিয়ে মঙ্গলবারের আগের ছয় ম্যাচে জালের দেখা পাননি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ক্লাব পর্যায়ে ২০০৮-০৯ মৌসুমের সবশেষ এমন দুঃসময় এসেছিল তার। সেবার সাত ম্যাচ পাননি জালের দেখা।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে নজরকাড়া গোলে দলকে এগিয়ে দেন রোনালদো। নতুন বছরে এটি তার প্রথম গোল।
ম্যাচটিতে গোলের উদ্দেশে সর্বোচ্চ পাঁচ শট নেন রোনালদো। পাশাপাশি সতীর্থদের জন্য তিনটি সুযোগ তৈরি করেন তিনি, দ্বিতীয় মেয়াদে ইউনাইটেডে ফেরার পর যা পর্তুগাল অধিনায়কের সর্বোচ্চ।
গত গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো। এর মধ্যে লিগে করেছে ৯টি।
সংখ্যার হিসাবে খুব একটা খারাপ না হলেও তিনি রোনালদো বলেই গত কয়েকটি ম্যাচে গোলের দেখা না পাওয়ায় হয়েছে নানা সমালোচনা। শুরুর একাদশে তার থাকা উচিত নয়, শীর্ষ পর্যায়ে রোনালদোর দিন শেষ, এমন মন্তব্যও ধেয়ে আসে।
গোল খরা ঘোচানোর পর টুইটারে রোনালদো লিখেছেন, সমালোচনাকারীদের মন্তব্যে কান না দিয়ে তার মনোযোগ দলকে সাহায্য করার দিকে।
“পথে ফিরেছি। কেউ কখনও হাল ছেড়ে দেয় না আর ছন্দ ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম, দল হিসেবে কাজ করা এবং গুরুত্ব দিয়ে করা। বাকি সবকিছু কেবলই হৈচৈ।”
ব্রাইটনের বিপক্ষে গোল করে ক্লাব ও দেশের হয়ে ১৬৮টি ভিন্ন প্রতিপক্ষের জালে বল পাঠানোর কীর্তি গড়লেন রোনালদো। এছাড়া ২০০২ সাল থেকে গত ২১ বছর ধরে প্রতি পঞ্জিকাবর্ষে গোল পেলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
