২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশ

হারলেও সুযোগ ছিল ফাইনাল খেলার। সেক্ষেত্রে একটা সেট জিততে হতো। প্রথম সেটে জাবির-হরষিতরা উড়ে যাওয়ায় শঙ্কা জেগেছিল। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটের জয়ে তা নিশ্চিত হয়। পরে পাঁচ সেটে গড়ানো রোমাঞ্চকর ম্যাচটিও জিতে নেয় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 10:44 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ সেটে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে সরাসরি সেটে মালদ্বীপের বিপক্ষে জেতে। নিজেদের তৃতীয় ম্যাচে আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় দল।

চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার শিরোপা লড়াইয়ে নামবে দুই দল।

২০১৮ সালের পর প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপার স্বাদ পেয়েছিল দল।

শুরুতে এগিয়ে থাকার পর ছন্দ হারিয়ে প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। উজবেকিস্তানকে উড়িয়ে দেয় ২৫-১৪ পয়েন্টে। এই সেটের জয়ে বাংলাদেশের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যায়। আগের চার ম্যাচে সেট জয়ের হিসাবে উজবেকিস্তানের (+৪) চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ (+৭)।

জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে জাবির-সজীবদের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান; উড়ে যায় ২৫-১৩ পয়েন্টে। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে বাংলাদেশের জয় ১৫-১৩ পয়েন্টের।

একই দিন বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে মেয়েরা।

আগের চার ম্যাচে কিরগিজস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কাছে সরাসরি সেটে হেরেছিল ক্রিকেটার, রক বল, সাঁতারুদের নিয়ে জোড়াতালি দিয়ে গড়া বাংলাদেশ নারী ভলিবল দল।

মঙ্গলবার মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও উজবেকিস্তান।