রেফারিকে ধাক্কা দিয়ে নিষিদ্ধ পর্তুগিজ ফরোয়ার্ড
ফুটবল থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন মোনাকোর পর্তুগিজ ফরোয়ার্ড গেলসন মার্তিনস। গত মাসে নিমের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেফারিকে দুই দফায় ধাক্কা দেওয়ায় এই শাস্তি পেলেন পর্তুগালের তারকা ফুটবলার।
গত ১ ফেব্রুয়ারির এই ঘটনার পর মার্তিনসকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
সতীর্থ চিমুই বাকাইয়োকোর লাল কার্ডের প্রতিবাদে রেফারিকে ধাক্কা দেন মার্তিনস। এই অপরাধে নিজে লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে দ্বিতীয়বার রেফারিকে ধাক্কা দেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
৩-১ গোলে ম্যাচ হারে মোনাকো।
মৌসুমে ২৩ ম্যাচে চার গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করেছেন মার্তিনস।
