আর্জেন্টিনার হয়ে অভিষেকে এমন হারে ক্ষুব্ধ মেসা
আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচেই বিব্রতকর এক হার দেখলেন মাক্সিমিলিয়ানো মেসা। দলের এমন হারে ক্ষুব্ধ মাঝমাঠের এই খেলোয়াড়।
মাদ্রিদে মঙ্গলবার রাতে স্পেনের বিপক্ষে ৬-১ গোলে গুঁড়িয়ে গিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড স্পর্শ করে আর্জেন্টিনা। এর আগে শেষবার আর্জেন্টিনা পাঁচ গোলের ব্যবধানে হেরেছিল ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে; বলিভিয়ার মাঠে ৬-১ গোলে হেরেছিল তারা। ১৯৫৮ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার কাছে একই ব্যবধানে হেরেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।
চোটের কারণে মাঠের বাইরে থাকা মেসির পরিবর্তে স্পেনের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন ইনদেপেন্দিয়েন্তের মিডফিল্ডার মেসা। কিন্তু খুবই বাজে হলো জাতীয় দলের জার্সিতে তার প্রথম ম্যাচ খেলার অভিজ্ঞতা।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসা বলেন, “আমি এটা উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে আমরা ম্যাচটা হারলাম তাতে আমি ক্ষুব্ধ।”
“ভুলগুলো সংশোধনের চেষ্টায় নিজেদের মধ্যে আমাদের আলোচনা করতে হবে। উন্নতি করার অনেক বিষয় আছে।”
“আমাদের মানসিকতাটা ঠিক করতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। কারণ এই উপায়ে আমরা এগিয়ে যেতে পারব।”
“প্রথমার্ধে আমরা খুব ভালো খেলিনি। এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ ছিল আমাদের; আমরা ড্র করতে পারতাম। কিন্তু আমরা পারিনি।”
জাতীয় দলের হয়ে টানা দুই ম্যাচে খেলতে পারলেন না মেসি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত শুক্রবার ম্যানচেস্টারে ইতালির বিপক্ষে দলের ২-০ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
মেসি প্রসঙ্গে মেসা বলেন, “সে দলের অপরিহার্য একটা অংশ।”
