২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিলের আরও সম্মান প্রাপ্য’

জার্মানিকে হারাতে পারায় বেশ ফুরফুরে মেজাজে আছেন ব্রাজিলের চিয়াগো সিলভা। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পর তার দলের আরও সম্মান প্রাপ্য বলে মনে করেন রক্ষণভাগের এই খেলোয়াড়।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 01:32 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

বার্লিনে মঙ্গলবার রাতে স্বাগতিক জার্মানিকে ১-০ গোলে হারায় ব্রাজিল। প্রথমার্ধে গোলটি করেন গাব্রিয়েল জেসুস।

এই জয়ে ২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বিব্রতকর হারের প্রতিশোধ কিছুটা হলেও নিল সেলেসাওরা। সেই সঙ্গে টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার পর হারল ইওয়াখিম লুভের দল।

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা ব্রাজিলের এই জয়কে উন্নতির আরও একটি ধাপ হিসেবে দেখা যেতে পারে। দলের এমন পারফরম্যান্সে খুবই খুশি সেন্টার-ব্যাক সিলভা।

“জার্মানির প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এই (ব্রাজিল) জার্সির আরও সম্মান প্রাপ্য। অসাধারণ একটি দলের সামনে এই ফলে আমরা খুশি।”

“আমরা সঠিক পথে আছি। বিনয়ী ও শৃঙ্খলাবদ্ধ আছি আমরা। আজ রাতে আমরা বেশি কিছু দেখিয়েছি।”

একমাত্র গোলটি করা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস বলেন, “আমি কেবল গোল করার কারণেই খুশি নই; আমার প্রতিশ্রুতি, জয়ের আকাঙ্ক্ষা এবং দলকে সহযোগিতা করতে পারা একজন খেলোয়াড় হতে পারার জন্যও আমি খুশি।”

বিশ্বকাপের জন্য প্রস্তুতির ক্ষেত্রে জয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছেন বার্সেলোনার মিডফিল্ডার পাওলিনিয়ো।

“সেলেসাওরা ইতিবাচক একটা মুহূর্তে আছে। ২০১৪ সালে যা ঘটেছিল সেটা নিয়ে কিছু করার নেই।”

“সবচেয়ে বড় কথা, একটা সফল অবস্থানে থেকে আমরা আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছি।”