মেসির গোলে শিরোপার পথে এগিয়ে বার্সা
লিওনেল মেসিকে আটকাতে পারল না আতলেতিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ফরোয়ার্ডের চমৎকার গোলে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে অনেক এগিয়ে গেল বার্সেলোনা।
রোববার কাম্প নউয়ে লা লিগায় ১-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে চলতি মৌসুমের ২৭ ম্যাচসহ মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা।
শিরোপা লড়াইয়ে থাকা দুই দলের ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বার্সেলোনা উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। তবে ২৬তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বিদ্যুৎগতির বাঁকানো ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। বাঁ-দিকে ঝাঁপিয়ে গোলরক্ষক ইয়ান ওবলাক বলে হাত লাগালেও রুখতে পারেননি।
মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পেয়েছিল বার্সেলোনা।
চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২৪তম গোল। এরই সঙ্গে দেশ ও ক্লাব মিলিয়ে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
৩৪তম মিনিটে লুইস সুয়ারেস ও ফিলিপে কৌতিনিয়োর দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত দুর্বল শটে সুযোগ হারান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
বিরতির আগ পর্যন্ত দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৯ শটের ৪টিই ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনা গোলরক্ষকের কোনো পরীক্ষাই নিতে পারেনি আতলেতিকো।
দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রতিপক্ষের সীমানায় চাপ ধরে রাখে বার্সেলোনা। মাঝে মধ্যে অতিথিরা পাল্টা আক্রমণে ওঠার চেষ্টার করলেও বলার মতো তেমন কিছুই করতে পারছিল না। গত দুই ম্যাচে ৭ গোল করা অঁতোয়ান গ্রিজমান ও দিয়েগো কস্তা ছিলেন নিজের ছায়া হয়ে।
এই অর্ধে বার্সেলোনাও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৭৯তম মিনিটে মেসির ক্রসে দুরূহ কোণ থেকে সের্হিও বুসকেতসের ভলি ওবলাক ঠেকিয়ে দিলে ব্যবধান বাড়েনি।
গত বৃহস্পতিবার লাস পালমাসের মাঠে বার্সেলোনা হোঁচট খাওয়ায় শিরোপা লড়াই জমে ওঠার আভাস মিলেছিল। তবে শিরোপা প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হারিয়ে ব্যবধান ৮ পয়েন্টে নেওয়ার পাশাপাশি শিরোপার পথেও অনেক এগিয়ে গেল লিগে এখন পর্যন্ত অপরাজিত কাতালান ক্লাবটি।
২৭ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৯। আতলেতিকোর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
