২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে আবারও হারানোর লক্ষ্য বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে গত সেপ্টেম্বরে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের টাটকা স্মৃতি নিয়ে এবার এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আবার দ্বীপ দেশটির মুখোমুখি হচ্ছে যুবারা। কোচ মাহবুব হোসেন রক্সির সঙ্গে সুর মিলিয়ে অধিনায়ক টুটুল হোসেন বাদশাও প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছেন, ভুটানের পাওয়া সাফল্যের পুনরাবৃত্তি তাজিকিস্তানের মাঠে করার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 10:25 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আগামী ‍বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মালদ্বীপ।

ভুটানে গত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হওয়ার পথে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছিল যুবারা। সেই আত্মবিশ্বাস ও তাজিকিস্তান ম্যাচে অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ শিষ্যদের দিচ্ছেন কোচ রক্সি।

“ছেলেরা খুব ভালো করেই জানে, মালদ্বীপকে যদি আমরা হারাতে না পারি, তাহলে তাজিকিস্তানের সঙ্গে ড্র করাটা বৃথা হয়ে যাবে। ছেলেরা দক্ষিণ এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে।”

সামর্থ্যের প্রশ্নে নিজের দলকে এগিয়ে রাখলেও মালদ্বীপকে সমীহ করতে ভোলেননি বাংলাদেশ কোচ। জাফরদের দিচ্ছেন সেরাটা নিংড়ে দেওয়ার পরামর্শও।

“হয়ত আমরা মালদ্বীপের চেয়ে এগিয়ে বা কাগজে-কলমে তাদের বিপক্ষে আমরা ফেভারিট কিন্তু ছেলেরা যদি মাঠে খেলতে না পারে, তাহলে এগুলো জয়ের জন্য কোনো সাহায্যই করবে না। মালদ্বীপও ভালো দল। এই পর্যায়ে সবাই জয়ের জন্য নামে। তাদের মতো আমরাও জয়ের জন্য নামব এবং আমার বিশ্বাস মালদ্বীপকে হারানোর সামর্থ্য ছেলেদের আছে।”

তাজিকিস্তানকে রুখে দেওয়ায় দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে মনে করেন অধিনায়ক বাদশা। সাফের সাফল্য দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে বলেও জানান তিনি।

“তাজিকিস্তানের সঙ্গে ভালো ফল করার পর আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমরা সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছিলাম। পরের ম্যাচে মালদ্বীপকে হারাতে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগাব।”