বলিভিয়ার কন্ডিশন অমানবিক: নেইমার
অত্যধিক উচ্চতার কারণে বলিভিয়ার লা পাসের মাঠে খেলাটা ‘অমানবিক’ ছিল বলে দাবি করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
বৃহস্পতিবার লা পাসে বিশ্বকাপের বাছাইয়ে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় কন্ডিশনটা অতিথি খেলোয়াড়দের জন্য মানানসই না। ম্যাচ শেষে অক্সিজেন নিতে হয় ব্রাজিলের খেলোয়াড়দের।
সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়া ব্রাজিলের জন্য মাচটি গুরুত্বপূর্ণ ছিল না। তবে এবারও বলিভিয়ার মাঠে তাদের জয় না পাওয়াটা ছিল হতাশার। ১৯৮৫ সালের পর বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার রাজধানী থেকে কখনো জয় নিয়ে ফিরতে পারেনি ব্রাজিল।
নেইমার, গাব্রিয়েল জেসুস অনেক সুযোগ তৈরি করেন। কিন্তু বার বারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান স্বাগতিক দলের গোলরক্ষক কার্লোস লাম্পে।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক পোস্টে লা পাসের কন্ডিশন তুলে ধরেন নেইমার।
“এ ধরনের কন্ডিশনে খেলাটা অমানবিক। মাঠ, উচ্চতা, বল… সবকিছুই বাজে ছিল। তবে এই কন্ডিশনেও দলের এমন খেলায় আমরা খুশি।”
