মেসিদের সামলে উমতিতির উন্নতি
অনুশীলনে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া ‘এমএসএন’ আক্রমণভাগকে সামলাতে সামলাতে নিজের উন্নতি দেখছেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার সামুয়েল উমতিতি।
আড়াই কোটি ইউরোতে লিও ছেড়ে বার্সেলোনাতে যোগ দেওয়া উমতিতি মেসিদের বিপক্ষে খেলাটা উপভোগ করেন বলেও জানান।
“অনুশীলনে মেসি, নেইমার এবং সুয়ারেসের বিপক্ষে খেলতে পছন্দ করি আমি। এটা বাড়তি পাওয়া এবং খেলার সময় সেটা আমি টেরও পাচ্ছি।”
অনুশীলনে মেসি মাঠের মতোই ভালো জানিয়ে আর্জেন্টিনা ফরোয়ার্ডের প্রশংসায় মাতেন উমতিতি।
“তিনি বিশ্বসেরা। তিনি একজন ফেনোমেনন।”
মেসি ও নেইমার চুলের রং সাদা করে ফেলেছেন। উমতিতিরও ইচ্ছা আছে সতীর্থদের মতো চুলের স্টাইল করার।
“যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারি, তাহলে আমিও ব্লন্ড হয়ে যাব।”
