ভারতে দুই ম্যাচ জেতার পর জিয়ার ড্র
ভারতের উড়িষ্যায় কেআইআইটি ইন্টারন্যাশনাল দাবায় টানা দুই ম্যাচে জেতার পর ষষ্ঠ রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে বৃহস্পতিবার বিকেলে ষষ্ঠ রাউন্ডের খেলায় স্বাগতিকদের ক্যান্ডিডেট মাস্টার ইরিগাইসি অর্জুনের সঙ্গে ড্র করেন জিয়া। দিনের শুরুতে পঞ্চম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার রাহুল সাঙ্গমাকে হারান তিনি।
চতুর্থ রাউন্ডে জিয়া হারিয়েছিলেন স্বাগতিকদের মানুশ শাহকে। ছয় রাউন্ড শেষে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে আছে বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
একই দিনে হওয়া পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী টানা দুই ড্র করেন। ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার সোয়াতি ঘাতের সঙ্গে ড্রয়ের পর জল্পান ভাটের সঙ্গেও ড্র করে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৭৭তম স্থানে আছেন তিনি।
নাসির আহমেদ দিনের শুরুতে পঞ্চম রাউন্ডে বৈভব মিশ্রকে হারালেও ষষ্ঠ রাউন্ডে আর প্রজেসের কাছে হেরেছেন। ছয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে ১০০তম স্থানে আছেন তিনি।
টানা তিন হারের পর ষষ্ঠ রাউন্ডে জিতেছেন মোহাম্মদ সিরাজুল কবির। ভারতের রঞ্জন আরিয়ানকে হারানোর পর ২.৫ পয়েন্ট নিয়ে ১৪৯তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।
ভারতের অর্জুন কল্যাণের কাছে পঞ্চম রাউন্ডে হারা আমিনুল ইসলাম ষষ্ঠ রাউন্ডে জিতেছেন শ্রীলঙ্কার ফিদে মাস্টার অনুরুধ চিন্থাকার বিপক্ষে। আর জোয়ার হক প্রধান পঞ্চম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার জেনা কুমার রাকেশের সঙ্গে ড্র করার পর ষষ্ঠ রাউন্ডে হারেন স্বাগতিক দেশের মানুষ শাহর কাছে।
