২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের জালে ঊষার ১৩ গোল

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় রথে আছে ঊষা ক্রীড়া চক্র। অন্যদিকে ডজন-ডজন গোল হজম করে চলেছে বাংলাদেশ রেলওয়ে এসসি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রেলওয়েকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গত আসরে আবাহনী লিমিটেডের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 09:31 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

ওয়ারী ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে লিগ শুরু করা ঊষার এটি টানা দ্বিতীয় জয়। অন্যদিকে, রেলওয়ের এটি টানা দ্বিতীয় হার। আবাহনী লিমিটেডের কাছে ১৪-০ গোলের হার দিয়ে শুরু করা দলটি এ নিয়ে দুই ম্যাচে ২৭ গোল হজম করল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার ঊষার জয়ে হ্যাটট্রিকসহ ছয় গোল করেন স্ট্রাইকার হাসান যুবায়ের নিলয়। এছাড়া মাহবুব হোসেন তিনটি, রেজাউল করিম বাবু, মিথুন, কৃষ্ণ কুমার, নিজাম উদ্দিন একটি করে গোল করেন।

দিনের অপর ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ এসসি। দলের টানা দ্বিতীয় জয়ে চার গোলদাতা প্রিন্স, সোহেল, শাহবাজ আলি ও গুরুপ্রতাপ সিং। নিজেদের প্রথম ম্যাচে সাধারণ বীমাকে হারিয়েছিল বাংলাদেশ এসসি।

রাহাত সারোয়ার দুই গোল করলেও টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি অ্যাজাক্স। মেরিনার ইয়াংসের কাছে ৪-১ গোলে হেরে লিগ শুরু করেছিল তারা।