২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিগুয়াইন সুয়ারেসের চেয়ে ভালো’

বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেসের চেয়ে সেরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নাপোলির গনসালো হিগুয়াইন ভালো বলে মনে করেন ইতালির সাবেক স্ট্রাইকার লুকা তনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 06:53 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সেরি আতে গত শনিবার রাতে শেষ রাউন্ডে ফ্রোসিনোনের বিপক্ষে নাপোলির ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে অসাধারণ এক হ্যাটট্রিক করে ২০১৫-১৬ মৌসুমে নিজের গোলসংখ্যা ৩৬-এ নিয়ে যান হিগুয়াইন।

এর আগে সেরি আতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল এসি মিলানের সাবেক স্ট্রাইকার গুনার নরডালের। ১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করেছিলেন সুইডেনের সাবেক এই ফুটবলার।

বার্সেলোনার উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস চলতি মৌসুমে লিগে ৪০ গোল করে হিগুয়াইনকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন সু জয় নিশ্চিত করেন।

তনি বলেন, “আমি মনে করি, হিগুয়াইন দারুণ কাজ করেছে। সে অসাধারণ কিছু করেছে, এমনকি সে সবগুলো ম্যাচ না খেলার পরও। গনসালো অন্য গ্রহের। আমার কাছে, এমনকি সে সুয়ারেসের চেয়ে ভালো।”