হকি লিগে আবাহনীর উড়ন্ত সূচনা
প্রিমিয়ার বিভাগ হকি লিগে উড়ন্ত সূচনা পেয়েছে আবাহনী লিমিটেড। ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে সব শেষ আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া আবাহনী নিজেদের প্রথম ম্যাচে রেলওয়ে এসসিকে ১৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে।
জয়ী দলের রাজীব দাস সর্বোচ্চ চারটি, ফরহাদ আহমেদ শিটুল তিনটি, মাকসুদ আলম হাবুল ও সাফকাত রসুল ২টি করে গোল দেন। এছাড়া একটি করে গোল করেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নান্নু ও কাসিফ আলি।
ক্লাব কাপ হকির শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করে আবাহনী। শুরু থেকে আক্রমণাত্মক খেলা দলটি শিটুলের গোলে তৃতীয় মিনিটেই এগিয়ে যায়। প্রথমার্ধে আরও ছয় গোল করে শুভসূচনা অনেকটাই নিশ্চিত করে ফেলে ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।
দ্বিতীয়ার্ধেও রেলওয়ের রক্ষণে চাপ ধরে রেখে একের পর এক গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে আবাহনী। এ অর্ধে শিটুল-রাজীবরা আরও সাত গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
