২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিক সময়ে ছন্দ ফেরায় মেসির স্বস্তি

গত এপ্রিলে লা লিগায় টানা তিন ম্যাচ হেরে শিরোপা খোয়ানোর শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে সঠিক সময়ে দল ছন্দে ফেরায় এখন স্বস্তিতে আছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 05:40 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

ছন্দপতনের সময়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে পড়ে বার্সেলোনা। তবে ঘরোয়া ফুটবলে ‘ডাবল’ জয়ের সম্ভাবনা আছে কাতালান ক্লাবটির।

এপ্রিলের শুরুতে লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ও তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু ২০০৩ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো লিগে টানা তিন ম্যাচ হেরে পরিস্থিতি জটিল করে তোলে তারা। এ সময়ে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকেও ছিটকে পড়ে মেসি-নেইমাররা।  

ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ‘ট্রেবল’ জয়ের আশা শেষ হয়ে যাওয়ার হতাশা থাকলেও মেসি জানান, তার দল এখন কোপা দেল রে ও লা লিগা জিততে প্রত্যয়ী।

ইএসপিএনকে মেসি বলেন, “আন্তর্জাতিক বিরতির পর এমন একটা সময়ে আমরা ভুগেছি যখন আমরা তা ভাবতেই পারিনি। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের কাছে হার এবং লা লিগায় টানা ম্যাচ হেরে আমরা অনেক পয়েন্ট হারিয়েছিলাম। সৌভাগ্যবশত আমরা নিজেদের উপর বিশ্বাস ধরে রেখেছিলাম এবং এখন আবারও আমরা শীর্ষে।”

গত রোববার লেভান্তের কাছে হেরে আতলেতিকো শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ায় লড়াইটা এখন ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা ও এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের মধ্যে।

গত রোববার এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা লিগ শিরোপা থেকে এখন মাত্র একটি জয় দূরে। আগামী শনিবার শেষ রাউন্ডে ষোড়শ স্থানে থাকা গ্রানাদাকে হারালেই ২৪তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে মেসিদের।

প্রতিপক্ষ দুর্বল হলেও লক্ষ্যে পৌঁছতে কঠিন লড়াই করতে হবে বলেই মনে করেন মেসি।

ঘরোয়া ফুটবলের ‘ডাবল’ জয়ের প্রত্যাশায় মেসি বলেন, “আমাদের দুটি ফাইনাল বাকি আছে এবং দুটিই জিতে মৌসুম শেষ করাটা দারুণ হবে। চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারলেও দারুণ হতো, কিন্তু তা হয়নি। তাই তিনের মধ্যে দুটি জেতাও চমৎকার হবে।"

আগামী ২২ মে ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের ফাইনালে সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা।