টানা চতুর্থবার বুন্দেসলিগার শিরোপা বায়ার্নের
এফসি ইনগোলস্টাটকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে জার্মানির বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
জিতলেই শিরোপা নিশ্চিত-এই হিসেব নিয়ে খেলতে নেমে রোববার প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বায়ার্ন।
তবে না জিতলেও এদিনই বুন্দেসলিগায় টানা চতুর্থ শিরোপা জয় নিশ্চিত হতো পেপ গুয়ার্দিওলার দলের। কারণ, আরেক ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ১-০ গোলে হেরে যায়।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া বায়ার্ন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। পঞ্চদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের এই ফরোয়ার্ড।
২৯ গোল নিয়ে চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি। ২৫ গোল নিয়ে তার পরেই আছেন ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
৪২তম মিনিটে একটি গোল শোধ করেন ইনগোলস্টাটের হার্টমান।
এই জয়ের পর ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট হলো বায়ার্নের। আর দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার পয়েন্ট সমান ম্যাচে ৭৭।
জার্মানির সফলতম ক্লাবটি এই নিয়ে তাদের ইতিহাসে ২৬তম লিগ শিরোপা জিতল।
এই নিয়ে বায়ার্নে তিন মৌসুমে তিনটি লিগ শিরোপা জিতলেন গুয়ার্দিওলা। মৌসুম শেষে বায়ার্ন ছেড়ে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেবেন স্পেনের এই কোচ। এর আগে অবশ্য বায়ার্নের হয়ে আরেকটি শিরোপা জয়ের সুযোগ আছে তার। আগামী ২১ মে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডেকে হারালে ঘরোয়া ফুটবলে ‘ডাবল’ জিতবে বায়ার্ন।
