২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপাধারী মোহামেডানকে ছিটকে দিল ব্রাদার্স

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চার মিনিটেই হলো তিন গোল! সব মিলিয়ে ৫ গোলের রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিদায় করে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:47 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মোহামেডানের হারটি ৩-২ গোলে।

এই হারে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল মোহামেডান। দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ব্রাদার্সও।

বৃহস্পতিবারের ম্যাচে গোলের প্রথম সুযোগ তৈরি করে ব্রাদার্স। কিন্তু আউডু ইব্রাহিমের রক্ষণ চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও বাইরে শট নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড এনকোচা কিংসলে। ১০ মিনিট পর ইসমাইল বাঙ্গুরার শট গোললাইন থেকে ব্রাদার্স অধিনায়ক ইবায়েদ হোসেন কমল ফেরালে এগিয়ে যাওয়া হয়নি মোহামেডানের।

দ্বাদশ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্রাদার্সের কিংসলের প্লেসিং শটও গোললাইন থেকে ফেরান মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার পাওমি ল্যান্ড্রি। আক্রমণ, প্রতিআক্রমণে জমে ওঠা প্রথমার্ধের ২৩তম মিনিটে মোহামেডান নিশ্চিত একটি গোল থেকে বঞ্চিত হয়। মাশুক মিয়া জনির ক্রসে নেওয়া তৌহিদুল আলম সবুজের হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ব্রাদার্স। ৫০তম মিনিটে ইব্রাহিমের ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন মান্নাফ রাব্বী। প্রথম গোলের রেশ কাঁটতে না কাঁটতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাদার্স। সুলতান জিতুর থ্রু পাস থেকে কিংসলের বাড়ানো বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে রাব্বীর সামনে পড়ে। আলতো টোকায় জোড়া গোল করেন ব্রাদার্সের এই মিডফিল্ডার।

৫৪তম মিনিটেই ঘুরে দাঁড়ায় মোহামেডান। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গোলরক্ষকের উদ্দেশে দেওয়া ব্যাক পাস দারুণ ক্ষিপ্রতায় নিয়ন্ত্রণে নিয়ে স্কোরলাইন ২-১ করেন সবুজ। ৬৬তম মিনিটে সবুজ-মোহাম্মদ বিপলুর হাত ধরে সমতায় ফেরে মোহামেডান। সবুজের পাস থেকে প্লেসিং শটে মোহামেডানের ডাগ আউটে সমতায় ফেরার স্বস্তি এনে দেন মিডফিল্ডার বিপলু।

৭৫তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে মোহামেডানকে ফের কোনঠাসা করে ফেলেন ইব্রাহিম। দূরহ কোণ থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ঘানার এই ফরোয়ার্ড। এই গোলেই মোহামেডানের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করে ব্রাদার্স।

আগামী শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সেরা চারে ঠাঁই করে নেওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম আবাহনী। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে উঠতে ড্র করলেও চলবে বন্দর নগরীর দলটিকে।

সেরা চারে ওঠার সুযোগ আছে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চট্টগ্রাম আবাহনীর পেছনে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেরও। শেখ জামালের কাছে চট্টগ্রাম আবাহনী ২-০ ব্যবধানে হারলেই মিলবে মুক্তিযোদ্ধার সেমি-ফাইনালে ওঠার সমীকরণ।