তারকাদের গোল খরা
ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে গোল খরায় ভুগছেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে শেষ পাঁচ ম্যাচে জালে বল পাঠাতে পারেননি পাঁচবারের এই বর্ষসেরা তারকা। ক্যারিয়ারে বিভিন্ন সময় এ রকম অবস্থা গেছে লা লিগার বর্তমানের সেরা তিন ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার ও লুইস সুয়ারেসেরও।
লিওনেল মেসি
কারো মতে, দেশ ও ক্লাবের হয়ে ৪৯৯ গোল করে অনন্য মাইলফলকের হাতছানির চাপেই এই খরায় ভুগছেন আর্জেন্টিনার অধিনায়ক। সবশেষ তিনি গোলের দেখা পেয়েছেন গত মাসে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে। বলিভিয়াকে ২-০ গোলে হারাতে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি।
বার্সেলোনায় হয়ে ক্যারিয়ারে শুরুতে টানা ৭ ম্যাচ গোলশূন্য ছিলেন তরুণ মেসি। এরপর একবারই মাত্র এখনকার মতো টানা ৫ ম্যাচ গোল করতে ব্যর্থ হন। ২০১০ সালের এপ্রিলের ওই খরার পরের ৪ ম্যাচে ৫ গোল করেছিলেন বার্সেলোনার সেরা এই তারকা।
নেইমার
স্পেনের ক্লাবটির হয়ে নেইমার সবচেয়ে বেশি সময় গোলশূন্য ছিলেন ২০১৩ সালে দলে ঢোকার পরপরই। প্রথম ছয় ম্যাচে কোনো গোল পাননি তিনি। ওই মৌসুমেই পরে আরেকবার টানা ছয় ম্যাচে গোল করতে পারেননি তিনি।
লুইস সুয়ারেস
তার আগের বছরে ইংলিশ ক্লাবটির হয়ে ৩০ গোল করার পথে একবার টানা ছয় ম্যাচে গোলশূন্য ছিলেন। ২৯ বছর বয়সী তারকা এই স্ট্রাইকারের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় গেছে ২০১০ সালে আয়াক্সের হয়ে। নেদারল্যান্ডসের দলটির হয়ে টানা ৯ ম্যাচ গোলশূন্য ছিলেন তিনি।
ক্রিস্তিয়ানো রোনালদো
৩১ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ের গোল খরা ছিল তার ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে। ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারির মধ্যে টানা ১১ ম্যাচে গোলশূন্য ছিলেন তিনি। প্রিমিয়ার লিগে ডার্বির বিপক্ষে সেই গোল খরা কেটেছিল। তারপরও ওই বছর ২৫টি গোল করেছিলেন পর্তুগাল অধিনায়ক। আর ওই মৌসুম শেষেই তখনকার রেকর্ড ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেন তিনি।
