২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে রিয়াল-সিটি, আতলেতিকো-বায়ার্ন লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রথমবারের মতো শেষ চারে ওঠা ম্যানচেস্টার সিটিকে। অন্য সেমি-ফাইনালে লড়বে শিরোপাধারী বার্সেলোনাকে বিদায় করে দেওয়া আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে দুই সেমি-ফাইনালের প্রতিপক্ষ ঠিক হয়। আগামী ২৬ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগের ম্যাচটি হবে ৪ মে।

ভিসেন্তে কালদেরনে আতলেতিকো-বায়ার্ন ম্যাচটি হবে আগামী ২৭ এপ্র্রিল। জার্মানিতে ফিরতি লেগের ম্যাচটি ৩ মে।

আগামী ২৮ মে মিলানের সান সিরোয় হবে ফাইনাল।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কেবল এক মৌসুমেই মুখোমুখি হয়েছিল রিয়াল ও সিটি। ২০১২-১৩ মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-২ গোলে জেতে রিয়াল।

ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি ২০০৯-১০ মৌসুমে রিয়ালের দায়িত্বে ছিলেন।

সেমি-ফাইনালে ওঠা চারটি দলই কোয়ার্টার-ফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতেছে।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারা রিয়াল নিজেদের মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো শেষ চারে জায়গা করে নেয়।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে স্পেনের অন্য ক্লাব আতলেতিকো। কাম্প নউতে বার্সেলোনা জিতেছিল ২-১ গোলে। ভিসেন্তে কালদেরনে ফিরতি লেগে দিয়েগো সিমেওনের দল জেতে ২-০ গোলে।

বার্সেলোনা শেষ নয় বছরে মাত্র দুইবার সেমি-ফাইনালে উঠতে পারেনি। দুই বারই তাদের বিদায় করে লা লিগায় তাদের প্রতিপক্ষ আতলেতিকো।

পর্তুগালের বেনফিকার মাঠে বুধবারের কোয়ার্টার-ফাইনালে ২-২ গোলে ড্র করে টানা পঞ্চমবারের মতো শেষ চারে ওঠা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল পেপ গুয়ার্দিওলার দল।

সেমি-ফাইনালে প্রথমবার ওঠা সিটি গত মঙ্গলবার নিজেদের মাঠে কোয়ার্টার-ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারায়। প্যারিসে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।

অন্যদিকে ইউরোপা লিগের ড্রয়ে সেমি-ফাইনালে লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনের ভিয়ারিয়ালকে। স্পেনের আরেকটি দল সেভিয়া খেলবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের বিপক্ষে।