২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগে টানা হারের পরও বিশ্বাস হারাননি মেসি

অদম্য ছুটে চলতে থাকা বার্সেলোনার হঠাৎ ছন্দপতনে লিওনেল মেসির আত্মবিশ্বাসে একটুও ভাটা পড়েনি। মৌসুমটা সফলভাবে শেষ করার আশায় এখনও নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গেই আছে বলে জানিয়েছেন দলের সেরা এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:44 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর এ মাসের শুরুতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে বসে বার্সেলোনা। এরপর গত শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে মেসিরা। এই দুই ম্যাচের আগে তারা গত ২০ মার্চ ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল।

এই তিন ম্যাচের আগে লিগে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর চেয়ে ৮ পয়েন্ট ও তৃতীয় স্থানের দল রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু নেইমারদের সাম্প্রতিক ব্যর্থতায় সে ব্যবধান কমে এসেছে; এখন আতলেতিকোর চেয়ে ৩ এবং রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে কাতালানরা। লিগ শিরোপার লড়াইও তাই জমে উঠেছে।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য এখনও অপরাজিত বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জেতায় শেষ চারের হাতছানি তাদের সামনে। তবে প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদেরও সুযোগ আছে যথেষ্ট, অ্যাওয়ে গোলের সুবিধায় ফিরতি পর্বে ১-০ ব্যবধানে জিতলেই পরের ধাপে উঠবে তারা।

বুধবার আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হতে যাওয়া এ লড়াই তাই দারুণ উত্তাপ ছড়াচ্ছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফেইসবুকে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখার কথা জানান মেসি।

“আমাদের মানসিকতা আগের মতোই আছে। মৌসুমের শেষে শিরোপা জেতার সুযোগ রাখতে আমরা বছর জুড়ে কঠিন পরিশ্রম করি। এখনও আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে।”

গত মৌসুমে ‘ট্রেবল’ জেতা বার্সেলোনা ইতিহাসের প্রথম দল হিসেবে এই কীর্তি টানা দ্বিতীয়বার গড়ার পথেই আছে। লিগের শীর্ষে থাকা দলটি আগেই কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে। আর বুধবার আতলেতিকোর মাঠে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে যাবে তারা।