২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদের নৈপুণ্যে জয়রথে চট্টগ্রাম আবাহনী

জাহিদ হোসেনের নৈপুণ্যে স্বাধীনতা কাপে জয়রথে আছে চট্টগ্রাম আবাহনী। উত্তরা বারিধারার বিপক্ষে দলটির ২-০ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি অন্য গোলটিতেও অবদান রাখেন এই ফরোয়ার্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:15 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

স্বাধীনতা কাপের ‘এ’ গ্রুপে পথচলা চট্টগ্রাম আবাহনী শুরু করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে একই ব্যবধানে হারিয়ে। অন্যদিকে উত্তর বারিধারা টানা চার ম্যাচ হারের হতাশায় ডুবল।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবারের ম্যাচে ঠিকঠাক গুছিয়ে নেওয়ার আগেই বড় একটা ধাক্কা খায় উত্তর বারিধারা। দ্বাদশ মিনিটে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে লাল কার্ড পান নাইজেরিয়ান মিডফিল্ডার কোসোকো ওলাসুকানমি। তবে ১০ জনের দল নিয়েও প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীকে আটকে রাখে মাহবুব আলি মানিকের শিষ্যরা।
 
৩৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও জাহিদের নেওয়া দুর্বল শট সহজেই আটকে দেন মোহাম্মদ রাজীব। একটু পর ডিফেন্ডার ‍নুরুল নাঈম ফয়সালের জায়গায় মিডফিল্ডার শাকিল আহমেদ নামলে বন্দর নগরীর দলটির মাঝ মাঠের নিয়ন্ত্রণ বাড়ে, আক্রমণেও ফেরে গতি। তবে জাহিদের ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিসন উডুকার বাইসাইকেল কিক সরাসরি রাজীবের গ্লাভসে জমে গেলে হতাশ হতে হয় দলটিকে।
 
প্রতিআক্রমণ নির্ভর খেলা উত্তর বারিধারাকে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে নিতে পারেননি রোহিত সরকার; দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায় এই মিডফিল্ডারের শট।
 

দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারার প্রতিরোধের দেয়াল ভেঙে ৪৯তম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের আক্রমণ গোলমুখের একটু ওপর থেকে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি ডিফেন্ডার মোহাম্মদ সিলা। ফিরতি বলে নিখুঁত শটে স্বাধীনতা কাপে গোলের খাতা খোলেন জাহিদ। একটু পর এই ফরোয়ার্ডের ক্রস গোলমুখে পেয়েও কাজে লাগাতে পারেননি মরোক্কোর মিডফল্ডার তারিক আল জানাবি। ব্যবধান দ্বিগুণ করা গোলটি চট্টগ্রাম আবাহনী পায় ৬৭তম মিনিটে। জাহিদের থ্রু পাস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রিস নোয়েল। স্বাধীনতা কাপে এটি হাইতির এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোল। ৮৯তম মিনিটে খালেকুরজামান সবুজের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা। চলতি আসরে প্রথম গোল পেলেও হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।