ওয়েডসেনের হ্যাটট্রিকে জয়রথে শেখ জামাল
ওয়েডসেন আনসেলমের দারুণ হ্যাটট্রিক আর এমেকা ডারলিংটনের জোড়া গোলে স্বাধীনতা কাপে জয়রথে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে শেখ জামালের জয়টি ৫-০ ব্যবধানের। স্বাধীনতা কাপের শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
২১তম মিনিটে ওয়েডসেনের গোলে এগিয়ে যায় শেখ জামাল। এমেকার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন হাইতির এই ফরোয়ার্ড।
দুই মিনিট পর এমেকার দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া নাইজেরিয়ার এই ফরোয়ার্ড প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার ভালো একটি সুযোগ নষ্ট করে ব্রাদার্স। বক্সের মধ্যে থেকে মিডফিল্ডার নাজমুল ইসলামের শরীর বাঁকিয়ে নেওয়া ভলি অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। যোগ করা সময়ে পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগ হারান শেখ জামালের ওয়েডসেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাদার্স ভাগ্যকে পাশে পায়নি। ৫৫তম মিনিটে আউডু ইব্রাহিমের হেড গোললাইনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার আনিসুর রহমান সুইটের মাথায় লেগে ফিরে আসে।
৭১তম মিনিটে ব্রাদার্সের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেন ওয়েডসেন। এনামুল হকের বাড়ানো বল প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হাইতির এই ফরোয়ার্ড। একটু পর এমেকাকে দিয়ে গোল করিয়ে স্কোরলাইন ৪-০ করে দেন ওয়েডসেন।
৮৩তম মিনিটে স্বাধীনতা কাপের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন ওয়েডসেন। ল্যান্ডিং ডারবোর পাস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের গতিময় শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে উত্তরা বারিধারাকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করা ব্রাদার্স বড় হার নিয়ে মাঠ ছাড়ে।
দিনের প্রথম ম্যাচে ফেনী সকার ৩-২ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নেয় রহমতগঞ্জ।
