২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে পরিণত হওয়ার পরামর্শ জাগালোর

নেইমারকে অবশ্যই আরও পরিণত হতে হবে বলে মনে করেন মারিও জাগালো। ব্রাজিল অধিনায়ককে জাতীয় দলের নেতার মতো আচরণ করার পরামর্শও দেন দেশটির সাবেক কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 08:21 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

গত বছরের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে হেরে যাওয়ার পর মেজাজ হারিয়ে অখেলোয়াড়সুলভ আচরণ করেছিলেন নেইমার। এর পর চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

কোপা আমেরিকার বাকি ম্যাচগুলো খেলতে পারেননি নেইমার। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোয়র্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।

নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষেও খেলতে পারেননি নেইমার। পরের তিন ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় প্যারাগুয়ের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। ওই ম্যাচে ২ গোলে পিছিয়ে থাকার পর কোনোমতে ২-২ গোলে ড্র করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

জাগালো বলেন, “আমি নেইমারকে অনেক পছন্দ করি। সে অসাধারণ এক খেলোয়াড়। কিন্তু সে যে ব্রাজিল জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে এ ব্যাপারে তার আরও সচেতন হওয়ার প্রয়োজন।”

রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গত মাসে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচের পর নেইমারকে নৈশক্লাবে দেখা যায়। জাগালো মনে করেন মাঠের বাইরের আচরণেও তাকে আরও সতর্ক হতে হবে।

“সে সীমালঙ্ঘন করতে পারে না। তার যতটা পরিণত হওয়া উচিত, ততটা সে নয়।”