চল্লিশে থামবেন বুফ্ফন
পাকা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন জানলুইজি বুফ্ফন। বর্তমান বয়স ৩৮ বছর; আর দুই বছর পরই প্রতিযোগিতামূলক ফুটবলকে বিদায় বলার পরিকল্পনা ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা এই গোলরক্ষকের।
“এই বছরের পর অবসরের আগে আমি আরও দুই বছর খেলব। চল্লিশের পর আমি আর খেলতে চাই না।”
২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ইতালির শীর্ষ লিগ সেরি আর ছয়টি শিরোপা জেতা বুফ্ফন ‘সো ফুটকে’ জানান, প্রিয় ক্লাব ইউভেন্তুসে আজীবন থেকে যাওয়ার লক্ষ্য আগে থেকেই ছিল তার।
“যদি বর্তমান বেতনের দ্বিগুণও কেউ আমাকে প্রস্তাব দিত, তাহলেও আমি আজীবন ইউভেন্তুসে থেকে যেতাম। এই ক্লাবটির অংশ হওয়ায় আমি গর্বিত, কারণ এর একটা মূল আছে," যোগ করেন ইউভেন্তুসের এই অধিনায়ক।
অবসরের পরের পরিকল্পনাটাও জানিয়েছেন বুফ্ফন। কোচিং পেশা নয়, খেলোয়াড় খুঁজে বের করার কাজে যুক্ত হতে চান তিনি। ফুটবলের জন্য সম্ভাবনাময় ও জনবহুল দেশ যুক্তরাষ্ট্র, চীনে যাওয়ার ইচ্ছাও আছে তার।
