২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যায় রিয়াল-বার্সার দ্বৈরথ

কাম্প নউতে আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি লা লিগার শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:44 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

৩১তম রাউন্ডের এই ম্যাচে স্পেনের সফলতম ক্লাব রিয়াল হেরে গেলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে পড়বে। আর এই পার্থক্য পরের সাত ম্যাচে ঘোচানো খুবই কঠিন হয়ে যাবে তাদের জন্য।

এল ক্লাসিকো নামে পরিচিত রিয়াল-বার্সা দ্বৈরথের কিছু পরিসংখ্যান:

০: লিগের শীর্ষে থেকে এবং ১০ বা তার বেশি পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় বার্সেলোনা কখনও রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি। এই অবস্থায় রিয়ালের সঙ্গে একটি ম্যাচ ড্র করার পাশাপাশি দুটি ম্যাচ হেরেছে কাতালুনিয়ার ক্লাবটি।

১: রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সাত ম্যাচের একটিতে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে পাঁচটি ম্যাচ জেতে তারা। একমাত্র হারটি ২০১২ সালের এপ্রিলে (২-১)।

৩.২২: রিয়াল-বার্সার ১৭১টি দ্বৈরথে ম্যাচ প্রতি তিনের উপরে গোল হয়েছে। তবে সবচেয়ে বেশিবার হওয়া ফল ২-১ গোলে রিয়ালের জয়, যেটা হয়েছে ১৮বার।

৪: সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল-বার্সার দ্বৈরথে সবশেষ চারটি লাল কার্ডের সবকটিই দেখেছে রিয়ালের খেলোয়াড়রা।

লুইস এনরিকে বনাম জিনেদিন জিদান

১: আগামী শনিবার কোচ হিসেবে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন লুইস এনরিকে আর জিনেদিন জিদান। রিয়ালের সাবেক তারকা জিদানের কোচ হিসেবে এটাই হতে যাচ্ছে প্রথম ক্লাসিকো।

২: খেলোয়াড় হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে জিদান বার্সেলোনার বিপক্ষে তিনটি গোল করেছেন। জিদানের এই তিন গোলের দুটির সময় বার্সেলোনা দলে ছিলেন এনরিকে।

৫: খেলোয়াড়ি জীবনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এনরিকে ও জিদান পাঁচবার মুখোমুখি হন। একটি করে ম্যাচ জেতেন দুজনে। বাকি তিনটি ম্যাচ হয় ড্র।

এমএসএন বনাম বিবিসি

১৪: রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা ১৯ ম্যাচে ১৪টি গোল করেছেন লিওনেল মেসি, যেটা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে দ্বিগুণ। রোনালদো অবশ্য মেসির চেয়ে ৬টি ম্যাচ কম খেলেছেন।

২০: মেসি, লুইস সুয়ারেস ও নেইমার মিলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০ গোল করেছেন। অন্যদিকে গ্যারেথ বেল, করিম বেনজেমা ও রোনালদো মিলে বার্সেলোনার বিপক্ষে করতে পেরেছেন ১২ গোল।

৩৮: এ মৌসুমে লিগে সুয়ারেস সবচেয়ে বেশি গোলের সঙ্গে জড়িয়ে আছেন। ২৬টি গোল করেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। আর ১২টি গোলে করেছেন সহযোগিতা। ২৮ গোল আর ৯টি গোলে সহযোগিতা করে সুয়ারেসের পরই আছেন রোনালদো।