২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুয়ারেস পরিণত হয়েছে’

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর মুখোমুখি হওয়ার আগে লুইস সুয়ারেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্কার তাবারেস। তারকা এই ফরোয়ার্ড আগের চেয়ে পরিণত হয়েছেন বলে মনে করেন উরুগুয়ের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 04:11 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

রাশিয়ার ২০১৮ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে উরুগুয়ে তাদের ম্যাচটি খেলবে বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়। 

নিষেধাজ্ঞা কাটিয়ে গত শনিবার ব্রাজিলের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফেরেন সুয়ারেস। ২-২-এ ড্র হওয়া ম্যাচে উরুগুয়ের সমতাসূচক গোলটি করেন তিনি।

তাবারেস বলেন, “দারুণ অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় সে। সময় পরিপক্কতা আনে এবং তার এটা আছে। সে সব সময় উন্নতির চেষ্টা করে যাচ্ছে। সে কিছু ভুল করেছে; কিন্তু এখন সে অনেক পরিণত। আমার মনে হয়, এখন প্রত্যেক ম্যাচেই তার মানসিকতা এরকমই থাকবে।”

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ার কারণে সব ধরনের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেস।