২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর ‍তুলনা পছন্দ নয় মেসির

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনাটা পছন্দ করেন না লিওনেল মেসি। বার্সেলোনার এই ফরোয়ার্ড জানিয়েছেন, কারো সঙ্গে তুলনা নয়, তার ভাবনাটা কেবল নিজের ও দলের ভালো নিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

আগামী শনিবার ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ সামনে রেখে এমবিসিকে ২৮ বছর বয়সী মেসি রিয়াল ফরোয়ার্ডের সঙ্গে নিজের তুলনা নিয়ে কথা বলেন।

“ক্রিস্তিয়ানো রোনালদো বা কারো সঙ্গেই আমি নিজের তুলনা করি না। গণমাধ্যম সবসময় তুলনা এবং এ জাতীয় বিষয়গুলো খোঁজে।”

“একটা দিকেই আমি খেয়াল রাখি, সেটা হলো দলকে সাহায্য করা এবং প্রতিটি মৌসুমে উন্নতির ধারায় থাকা”, যোগ করেন আর্জেন্টিনার এই তারকা।

ক্লাসিকো সামনে রেখে রিয়ালকে সমীহ করতে ভোলেননি মেসি, “রিয়ালে কিছু দারুণ খেলোয়াড় আছে। সবসময় তাদের দলে অসাধারণ কিছু তারকা ফুটবলার থাকে এবং তারা বিশ্বের অন্যতম সেরা দল।”

স্পেনের ঘরোয়া ফুটবলের সেরা দুই দলের দ্বৈরথ নিয়েও কথা বলেন মেসি। রিয়ালের কারণে বার্সেলোনার লা লিগার শিরোপা জেতাটা কঠিন হয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, “তারা সবসময় বার্সেলোনার জন্য কঠিন প্রতিপক্ষ। দুই দলেরর মধ্যে অনেক প্রতিযোগিতা। আমরা সবসময় তাদের চেয়ে ভালো করার চেষ্টা করি।”