প্যারাগুয়ের বিপক্ষে নেইমারের জায়গায় গাব্রিয়েল
এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়া অধিনায়ক নেইমারের জায়গায় ব্রাজিল দলে ঢুকেছেন ফরোয়ার্ড গাব্রিয়েল।
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। গত নভেম্বরে পেরুকে ৩-০ গোলে হারানোর ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন এই তারকা।
ব্রাজিল জাতীয় দল, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০, ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা গাব্রিয়েল স্বদেশের ক্লাব সান্তোসে খেলেন। এই ক্লাব ছেড়েই ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার।
উরুগুয়ের বিপক্ষে একই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে হতে যাওয়া প্যারাগুয়ে ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার দাভিদ লুইস। তার জায়গায় ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের ফেলিপে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। প্যারাগুয়ে ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে তারা।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে একুয়েডর।
