২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে আলোচনায় দুই সতীর্থের লড়াই

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-উরুগুয়ের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নেইমারদের পেছনে ঠেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে লুইস সুয়ারেসের প্রত্যাবর্তন। সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত ফর্মও এর অন্যতম কারণ। তবে মাঠে বার্সেলোনার এই তারকাকে আটকানোর চ্যালেঞ্জ জিততে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 10:09 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

সুয়ারেস যেমন ব্রাজিলের রক্ষণের ভাবনার কারণ, তেমনি উরুগুয়ের গোলমুখে ত্রাস হয়ে উঠতে পারেন নেইমার। দুদলের মধ্যে হতে যাওয়া ম্যাচটিতে তাই ফল নির্ধারক হয়ে উঠতে পারে বার্সেলোনার আক্রমণভাগের এই দুই তারকার লড়াই।

ব্রাজিলের রেসিফেতে বাংলাদেশ সময় শনিবার সকাল পৌনে সাতটায় শুরু হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম রাউন্ডের ম্যাচটি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের পাশাপাশি চার মাসের জন্য সব ধরনের ফুটবলে নিষিদ্ধ ছিলেন সুয়ারেস। এই কারণে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

তার অনুপস্থিতিতে উরুগুয়ে খারাপ করেনি; চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে একুয়েডর।

নিজেদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে ফিরে পাওয়ায় উরুগুয়ের খেলা তাই নিশ্চিতভাবেই আরও শানিত হবে। আর ক্লাবের হয়ে এ মৌসুমে সুয়ারেসের দারুণ ফর্ম যে কোনো প্রতিপক্ষের জন্যই চিন্তার কারণ। বার্সেলোনার হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৪৩টি গোল করেছেন তিনি।

ক্লাবের হয়ে চলতি মৌসুমে গোলের পর গোল করা এই তারকাকে নিয়ে তাই একটু আলাদা করে ভাবার কথা জানিয়েছেন ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেস। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপর বাড়তি দৃষ্টি দেওয়ার কারণটাও জানান আলভেস।

“অবশ্যই সুয়ারেসের ওপর আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। অসাধারণ সময় যাচ্ছে তার।"

একইভাবে উরুগুয়ের রক্ষণের জন্য হুমকি হতে পারেন নেইমার। সুয়ারেসের মতো বার্সেলোনার অদম্য হয়ে ওঠার অন্যতম কারিগর ব্রাজিলের এই তারকা। এ মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে মিলিয়ে মোট ২৭টি গোল করা নেইমার জাতীয় দলের হয়ে তো বরাবরই উজ্জ্বল।

নেইমারকে আটকাতে কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা উরুগুয়ের রক্ষণে আছে আবার চোট সমস্যা। ঊরুর চোটের কারণে দলের বাইরে আছেন দিয়েগো গদিন ও হোসে মারিয়া হিমেনেস। এছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার মাক্সি পেরেইরা।

রক্ষণে সমস্যা থাকলেও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে রক্ষণাত্মক খেলার ইঙ্গিত দিলেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেস। ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

“আশা করি, এটা উন্মুক্ত একটি ম্যাচ হবে। আমাদের খেলার ধরন আমাদের দৃঢ় থাকতে সাহায্য করবে, ঠিক সমসময় আমরা যা করি।”