২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে দ্বৈরথ নিয়ে রোমাঞ্চিত ব্রাভো

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা-চিলি ম্যাচে ক্লাব সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আসন্ন দ্বৈরথ নিয়ে রোমাঞ্চিত বার্সেলোনা গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 04:06 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

চিলির রাজধানী সান্তিয়াগোতে ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায়। 

আর্জেন্টিনার জন্য ম্যাচটি এক রকম প্রতিশোধেরও। গত বছরের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল মেসিদের।

ব্রাভো বলেন, “তার বিপক্ষে খেলাটা আমাকে তৃপ্তি দেয়। কারণ, এই ধরনের লড়াই তৃপ্তিদায়ক।”

“লিওর ভালো সময় যাচ্ছে। মানুষ মেসি বা আনহেল দি মারিয়াকে ভয় পেতে পারে। কিন্তু কে আসছে আমরা তা ভাবি না।”

৪ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম স্থানে আছে চিলি। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আর্জেন্টিনা।

৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর। ৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ৭।