২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু ধাবিতে বড় হার বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ে জর্ডান ম্যাচের আগেই বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশ। প্রীতি ফুটবল ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৬-১ ব্যবধানে উড়ে গেছে গনসালে সানচেস মরেনোর শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 12:38 AM

Updated : 12 Apr 2022, 01:39 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৪ মার্চের এই ম্যাচের প্রস্তুতি সারতেই শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামে জীবন, জুয়েলরা।

আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ২২তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। একটু পরই জুয়েল রানার বাড়ানো বল থেকে নাবীব নেওয়াজ জীবন লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে বাংলাদেশ।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের আক্রমণের তোড়ে উড়ে যায় বাংলাদেশ। পাঁচ গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে মোরেনোর শিষ্যরা।

বাছাইয়ে গত সাত ম্যাচে বাংলাদেশের সঞ্চয় বলতে তাজিকিস্তানের বিপক্ষে ড্রয়ের সুবাদে পাওয়া এক পয়েন্ট। বাকি ছয় ম্যাচের হার। গত বছর সেপ্টেম্বরে নিজেদের মাঠে জর্ডানের বিপক্ষে প্রথম লেগে খেলার অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য হতাশার; বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলের হেরেছিল তারা।

‘বি’ গ্রুপে জর্ডান ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।