২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে খেলতে চান নেইমার

দেশের মাটিতে রিও দে জেনেইরো অলিম্পিকে খেলার ইচ্ছার কথা আবার জানিয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 07:01 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

জুনে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে পারেন নেইমার। এর পর অগাস্টে রিওতে বসবে অলিম্পিকের আসর।
 
ব্রাজিল কোচ দুঙ্গা নেইমারকে দুটি টুর্নামেন্টেই খেলাতে চাইছেন। তবে নেইমারকে তিনি দুটি টুর্নামেন্টেই পাবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিগগিরই বার্সেলোনা কোচ লুইস এনরিকের সঙ্গে দেখা করবেন দুঙ্গা। 
 
এমনিতে অলিম্পিকে কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় দলে রাখতে পারেন। এই তিন জনের একজন হিসেবে অলিম্পিকে খেলতে উন্মুখ হয়ে আছেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক নেইমার। 
 
“আমার জন্য আরেকবার অলিম্পিকে খেলাটা হবে একটা স্বপ্ন। এই গেমসে আরেকবার ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের হবে, বিশেষ করে এটা যখন দেশের মাটিতে হবে।”
 
“শুধু ব্রাজিলের না পাওয়া সোনার পদকের জন্য নয়, আমার দেশের হয়ে খেলার জন্য আমি খুব উন্মুখ হয়ে আছি।”
 
ব্রাজিলের হয়ে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ের কথাও বলেন নেইমার। 
 
“ব্রাজিলের মানুষের কাছে বার্তা দেওয়া আর সংকল্প করা কঠিন। আমি তাদের একটা বিষয়েই নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের জার্সির মান রাখতে আমি নিজের পুরো সামর্থ্য দিয়ে আমার সেরাটা দেব; যাতে আমরা যতটা দূরে সম্ভব যেতে পারি।”
 
এর আগে ২০১২ অলিম্পিকে ব্রাজিলের হয়ে খেলেন নেইমার। লন্ডনে সেবার ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছিল মেক্সিকো।