২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্ক নিয়ে শুরু হচ্ছে টেবিল টেনিস লিগ

শুরু হওয়ার আগেই ঢাকা মহানগরী টেবিল টেনিস লিগের এবারের আসর নিয়ে বিতর্ক উঠেছে। টেবিল টেনিস ফেডারেশনের বিরুদ্ধে বাইলজ ভাঙার অভিযোগ এনে লিগ বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে বয়েজ ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 09:26 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সোমবার টেবিল টেনিস (টিটি) ফেডারেশনের সংবাদ সম্মেলন শুরু হয় হ-য-ব-র-ল দিয়ে! সংবাদ সম্মেলন শুরুর কথা সাড়ে ১১টায় কিন্তু কর্মকর্তারা আসেন নির্ধারিত সময়ের বেশ পরে। দেরির কারণ হিসেবে তারা রাস্তায় যানজটের কথা জানান। লিগের ব্যানার লাগানো ছিল উল্টো দিকের দেয়ালে; পরে সেটা খেয়াল হওয়ায় তড়িঘড়ি করে লাগানো হলো ঠিক জায়গায়।

তবে এসব ছোট-খাট ভুল ছাপিয়ে বড় হয়ে উঠল বাইলজ ভাঙা নিয়ে করা বয়েজ ক্লাবের অভিযোগ। দলটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাইলজ ভেঙে লিগে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রিমিয়ার ডিভিশন লিগের গত আসরে বিমান তিন ম্যাচেই প্রতিপক্ষকে ওয়াক-ওভার দেয় এবং বাইলজ অনুযায়ী প্রথম বিভাগে নেমে যাওয়া দলটি এবার অংশ নিতে পারবে না।

বয়েজ ক্লাবের অভিযোগ মেনে নিয়ে বাইলজ ভাঙার পক্ষে যুক্তি দেখান টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর।

“তারা যে অভিযোগ করেছে, সেটা খুবই যৌক্তিক অভিযোগ। ব্যক্তিগতভাবে আমিও মনে করি, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কিন্তু খেলোয়াড়দের কথা ভেবে, টিটির স্বার্থে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”

বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আহসান আহমেদ প্রতিবাদে অমিত লিগ বর্জনেরই ঘোষণা দেন।

“বাইলজ ভাঙার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। নিয়ম অনুযায়ী তাদের (বিমান) প্রিমিয়ারে খেলার কথা নয়। ফেডারেশন সিদ্ধান্ত না বদলালে আমরা খেলব না।”

সংবাদ সম্মেলনে লিগ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, ছেলেদের প্রিমিয়ার ডিভিশন লিগে ছেলেদের ১০টি, মেয়েদের প্রিমিয়ার ডিভিশন লিগে ছয়টি দল খেলবে। আর ২১টি দল নিয়ে প্রথম বিভাগ টেবিল টেনিস শুরু হবে।

আগামী মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কোনো আর্থিক পুরস্কার না থাকার কথাও জানান টিটির কর্মকর্তারা।