শিষ্যদের মানসিকতায় সমস্যা দেখছেন মানিকও
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভরাডুবির পর মামুনুলদের ‘মানসিক সমস্যা’ থাকার অভিযোগ করেছিলেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক। এএফসি কাপের মূল পর্বে টানা দুই ম্যাচে হারের পর তপু-লিংকন-ইয়াসিনদের নিয়ে একই অভিযোগ তুললেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এএফসি কাপের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের দল সেরেস লা সালের কাছে ২-০ গোলে হারে শেখ জামাল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্থানীয় ফুটবলারদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মানিক।
“গত ম্যাচেও আমরা বাজে গোল খেয়েছি। আমাদের খেলোয়াড়দের মানসিক সমস্যা আছে। এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। আসলে অনেক সীমাবদ্ধতার কারণে আমরা এগুলো কাটিয়ে উঠতে পারি না।”
“খেলোয়াড়দের চেষ্টা আরও ভালো থাকলে ম্যাচে ফেরা যেতো। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। গত ম্যাচের তুলনায় আমরা এ ম্যাচে ভালো করছে। অনেক সমস্যা আছে; অনেক বিদ্ধস্ত অবস্থা থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি”, যোগ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ইয়াসিন খানের লাল কার্ড শেখ জামালকে আর পিছিয়ে দেয়। এছাড়া দলবদলও স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলছে বলে অভিযোগ করেন মানিক। দোটানায় থাকা খেলোয়াড়ের কাছে শতভাগ পাওয়াটা কঠিন বলেও জানান তিনি।
“আমাদের স্থানীয় খেলোয়াড়দের কিছু সীমাবদ্ধতা আছে। সমন্বয়েরও ঘাটতি আছে। এছাড়া দলবদলের ব্যাপার আছে; আমি জানি যে, আমার দুইজন প্লেয়ারকে একটা দল ফোন করেছে, খেলা শেষ করে ক্লাবে চলে আসো। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের শতভাগ অনুপ্রাণিত করাও কঠিন।”
প্রথমার্ধে দুই গোল খেয়ে ম্যাচে পিছিয়ে পড়ে শেখ জামাল। ফেরার সুযোগ পেলেও স্বাগতিকরা কাজে লাগাতে পারেনি। সুযোগগুলো নষ্ট নিয়েও হতাশার কথা জানান মানিক।
“পর পর দুইটা ম্যাচ হেরেছি। এটা দুঃখজনক। বুঝতে হবে, তারা আমাদের চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে এসেছে; তারা আমাদের চেয়ে ভালো দলও। ফেরার সুযোগ আমরাও পেয়েছিলাম; ল্যান্ডিং, ওয়েডসন, ইয়াসিনরা তা কাজে লাগাতে পারেনি।”
গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১৫ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামেই মালয়েশিয়ার দল সেলেনগোর এফএ -এর মুখোমুখি হবে বাংলাদেশ। সামনের ম্যাচে দরকারি খেলোয়াড়দের নিয়ে ঠিকঠাক অনুশীলনের সুযোগ পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব বলেও বিশ্বাস মানিকের।
সেলেনগোলের বিপেক্ষ ড্র করে আসার পর এএফসি কাপে প্রথম জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সালে কোচ ফ্রাঙ্কলিন মুসকান। প্রথমার্ধের দুই গোল ম্যাচের দিক বদলে দেয় বলে জানান তিনি, “এটা আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। তারা অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা প্রথমার্ধে দুই গোল পেয়েছি।”
