২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলদের নিষেধাজ্ঞায় ‘দুঃখিত’ সালাউদ্দিন

মামুনুল ইসলাম, জাহিদ হোসেনদের জন্য হৃদয়ের কোণে ভালোবাসা আছে কাজী সালাউদ্দিনের। কিন্তু উত্তরসূরিদের লাগামছাড়া হয়ে যাওয়ার পক্ষে নন তিনি। তাই দুঃখ পেলেও শৃঙ্খলা ভঙ্গের কারণে চার ফুটবলারকে দেওয়া ন্যাশনাল টিমস কিমিটির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:15 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

ভারতে হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা। 
 
এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দিয়েছিল। ফুটবলারদের বক্তব্য শোনার পর বুধবার মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছর আর ইয়াসিন খান ও সোহেল রানাকে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ ন্যাশনাল টিমস কমিটি।
 
এই শাস্তির রায় প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, “ওদের শাস্তিতে কেউ যদি দুঃখিত হয়ে থাকে, তাহলে সেটা আমি নিজেই। আমার চেয়ে দুঃখিত আর কেউ নয়। কিন্তু সবাই বলছে এটা (শাস্তি দেওয়া) করা উচিত ছিল।”
 
“একজন ফুটবলার নিষিদ্ধ হওয়া দুঃখজনক ঘটনা। কিন্তু ওরা যা করেছে, তাতে কমিটির হাতেও কিছু করার ছিল না। কমিটিকে এবং তাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি”, যোগ করেন সাবেক এই ফুটবলার।
 
অভিযুক্ত সাত ফুটবলারের মধ্যে বাকি তিন জন শহিদুল ইসলাম সোহেল, ইয়ামিন মুন্না ও আতিকুর রহমান মিশুকে সতর্ক করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি।
 
শাস্তি পাওয়া চার ফুটবলার আপিল কমিটি বা ন্যাশনাল টিমস কমিটির কাছে আবেদন করতে পারবেন না বলে জানান ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তবে মামুনুলরা চাইলে নির্বাহী কমিটি বা বাফুফে সভাপতি বরাবর আবেদন করতে পারবেন।
 
শাস্তির সিদ্ধান্ত সঠিক জানিয়ে সালাউদ্দিন আপিলের সিদ্ধান্তের বিষয়টি নির্বাহী কমিটির ওপর ছেড়ে দেওয়ার কথা জানান, “কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে, তা তারা (ফুটবলার) ডিজার্ভ করে। সঠিক অ্যাকশন নিয়েছে কমিটি। এখানে কোনো ভুল হয়নি। তারা যদি আপিল করে, তাহলে পুরো বিষয়টি আমি নির্বাহী কমিটির উপর ছেড়ে দেব।”