জর্ডান ম্যাচের দলে শাহেদ, আরিফ
২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে জর্ডান ম্যাচের প্রথমিক দলে মিডফিল্ডার শাহেদুল আলম ও ডিফেন্ডার আরিফুল ইসলামকে ডেকেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ গনসালো সানচেস মরেনো।
কদিন আগে ২২ জনের প্রাথমিক দল দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওই দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত সাত ফুটবলার ছাড়াও ছিলেন না চোট কাটিয়ে ওঠা শাহেদ ও আরিফুল।
শাহেদ ও আরিফুলের বৃহস্পতিবারই ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানিয়ে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু সাংবাদিকদের বলেন, “চোট কাটিয়ে ফেরার পর দুজনেই ভালো অবস্থানে আছে এবং কোচ তাদের ক্যাম্পে চেয়েছেন।”
ভারতে হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে দলের ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। ফুটবলারদের বক্তব্য শোনার পর গত বুধবার মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছর, ইয়াসিন খান ও সোহেল রানাকে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ করে ন্যাশনাল টিমস কমিটি।
অভিযুক্ত সাত ফুটবলারের মধ্যে বাকি তিন জন শহিদুল ইসলাম সোহেল, ইয়ামিন মুন্না ও আতিকুর রহমান মিশুকে সতর্ক করে দেওয়া হয়। এই তিন জনের মধ্যে ইয়ামিনকে কোচ দলে ডাকার চিন্তা করছেন বলেও জানান রূপু।
