এসএ গেমসের ব্যর্থতা তদন্তের দাবি সেভ দ্য স্পোর্টসের
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে বাংলাদেশ সোনার পদক পেয়েছে মাত্র চারটি। সঙ্গে ১৫টি রুপা ও ৫৬টি ব্রোঞ্জ। বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে সেভ দ্য স্পোর্টস।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলন করে এসএ গেমসের ব্যর্থতার ‘বিচার বিভাগীয় তদন্ত’ দাবি করেন সেভ দ্য স্পোর্টসের সভাপতি স্বাধীন বাংলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সংস্থাটির সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া লিখিত বক্তব্যে এসএ গেমসের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে সেভ দ্য স্পোর্টস।
ভারতের গুয়াহাটি-শিলংয়ের আসরে বোঞ্জও জিততে ব্যর্থ হওয়া সাইক্লিং নিয়ে সেভ দ্য স্পোর্টসের বক্তব্য, “প্রায় ৪০ জনের দল নিয়ে এসএ গেমসে গিয়েছিল সাইক্লিং। প্রতিবারের মতো এবারও ভরাডুবি। দেশ লজ্জা পেলেও তাদের কোনো লজ্জা নেই। ফলাফল শূন্য হলেও কর্মকর্তাদের পোয়াবারো। সরকারী টাকায় ভ্রমন করেছেন। সাইক্লিং ফেডারেশনের সেক্রেটারি, বিওএর প্রভাবশালী উপ-মহাসচিব হওয়াতে বিভিন্ন চাহিদা দেখিয়ে, পদকের নিশ্চয়তা দিয়ে সব রকমের সুবিধা আদায় করে নিয়েছেন।”
ভলিবল নিয়ে বলা হয়েছে, “এসএ গেমসের শেফ দ্য মিশনের (আশিকুর রহমান মিকু) টিম ছিল ভলিবল। সাত দেশের মধ্যে ষষ্ঠ।”
এসএ গেমসে যাওয়া টেনিসের কর্মকর্তাদের টেনিসের নিয়ম-জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছে সেভ দ্য স্পোর্টস।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএর কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন চপলের দিকেও অভিযোগের তির সেভ দ্য স্পোর্টসের। সোনার স্বপ্ন দেখিয়ে হতাশ করা আর্চারি নিয়ে সেভ দ্য স্পোর্টসের ভাষ্য, “প্রতি বার বিদেশ ভ্রমণের আগে স্বর্ণ পদকের কথা বললেও ফলাফল আগের মতো।”
ভারোত্তোলন থেকে মাবিয়া আক্তার সীমান্ত, শুটিং থেকে শাকিল আহমেদ একটি করে এবং সাঁতার থেকে মাহফুজা খাতুন শীলা দুটি সোনা এনে দিয়েছেন এবার। এই তিন অ্যাথলেটের প্রশংসাও করেন সেভ দ্য স্পোর্টসের প্রতিনিধিরা। বাকিদের ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্ত ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবিও তোলেন তারা।
