‘বার্সায় মেসির উত্তরাধিকারী নেইমার’
লিওনেল মেসির মতো নেইমার হতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে নেইমারকে বার্সেলোনায় মেসির উত্তরাধিকারী মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো।
২০১৩ সালে ব্রাজিলের দল সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিলেন নেইমার। এরপর থেকে আলো ছড়িয়ে চলেছেন উঠতি এই ফরোয়ার্ড। রোনালদোর বিশ্বাস, মেসি হয়ে ওঠার মতো সব কিছুই আছে তার স্বদেশির মধ্যে।
“শুরুতে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নেইমারের কিছুটা সমস্যা হয়েছে কিন্তু আমি জানতাম, সে সাফল্য পেতে যাচ্ছে।”
“সে কী মেসির উত্তরাধিকারী? হ্যাঁ, মেসির মতো হওয়ার জন্য দরকারি সব কিছু তার আছে”, যোগ করেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা।
নেইমারের মধ্যে নিজেকে দেখার কথাও জানান ক্লাব পর্যায়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো।
“আমি নেইমারকে ভীষণ পছন্দ করি। সে খানিকটা আমার মতো।”
রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদানকে নিয়েও কথা বলেন রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউয়ে জিদানের সঙ্গে খেলার সময়ের স্মৃতিচারণ করে সাবেক সতীর্থকে শুভকামনাও জানান তিনি।
“সবাই জানে, জিজু একজন খুব ভালো বন্ধু। আসলেই আমি আশা করি, তার কোচিং ক্যারিয়ারটাও দারুণ হবে।”
“আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যেই জিজুই সেরা। মাঠেও আমরা খুব মজা করতাম”, যোগ করেন রোনালদো।
