অলিম্পিকে যাওয়ার সুযোগ হারালেন বাকি
ব্রাজিল অলিম্পিকে খেলার সুযোগ হারালেন আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে ত্রয়োদশ হয়ে অলিম্পিকের এশিয়া অঞ্চলের বাছাই পেরুতে পারেননি বাংলাদেশের এই শুটার।
দিল্লিতে হওয়া ২০১৬ অলিম্পিকের এশিয়া অঞ্চলের বাছাইয়ে শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে ৬১৯ স্কোর গড়েন বাকি। যে আটজন বাছাই পেরিয়েছেন তাদের মধ্যে সবার নিচে থাকা প্রতিযোগীর স্কোর ৬২০.১।
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) আগে নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগটা বাকির মতো আগের দিন কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরাও। দিল্লির এই টুর্নামেন্টে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে তৃপ্তি দত্ত ৩৪তম, উম্মে জাকিয়া সুলতানা ৪০তম এবং শারমিন আক্তার ৪৪তম হন।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলেও ৪৫ জনের মধ্যে আরমিন আশা ১৪তম, আরদিনা ফেরদৌস ৩৪তম এবং সিনথিয়া টুম্পা ৪৪তম হন।
