গুয়ার্দিওলার অধীনে খেলার ইচ্ছা নেইমারের
ভবিষ্যতে বায়ার্ন মিউনিখের কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় দারুণ সফল সময় কাটান গুয়ার্দিওলা। স্পেনের এই কোচ বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর ২০১৩ সালে কাতালুনিয়ার ক্লাবটিতে নাম লেখান ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
রেড বুল সাময়িকীকে ২৩ বছর বয়সী নেইমার বলেন, “গুয়ার্দিওলা এমন একজন, যাকে আমি সত্যি শ্রদ্ধার চোখে দেখি। তার সঙ্গে কাজ করতে চাইব আমি।”
এ মৌসুম শেষে বায়ার্নের দায়িত্ব ছেড়ে দেবেন গুয়ার্দিওলা। গুঞ্জন চলছে, ইংলিশ প্রিমিয়ার লিগের বড় কোনো ক্লাবের কোচ হতে পারেন তিনি।
নিজের ভবিষ্যৎ প্রশ্নে দার্শনিকের মতো উত্তরই দেন ব্রাজিল অধিনায়ক।
“আমি অন্য কোনো দেশে খেলতে চাই কিনা, সেটা বলা কঠিন। আগামীকালের কথা কেউ জানে না। কিন্তু বার্সেলোনায় এখন আমি খুব সুখে আছি।”
“এক সময় ব্রাজিলে ফিরে যাওয়ার ইচ্ছা আছে। যুক্তরাষ্ট্রেও খেলতে যেতে পারি। ক্যারিয়ারের শেষের দিকে আমি এই দেশ দুটিতে খেলতে চাই,” যোগ করেন নেইমার।
২০১৫ সালের বর্ষসেরা পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নেইমার চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২১টি গোল করেন।
