২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের বর্ষসেরা হওয়া নিয়ে সন্দেহ নেই মেসির

নেইমার খুব দ্রুতই ফিফা ব্যালন ডি’অর জিতবে বলে মনে করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 08:11 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

২০১৩ সালে ইউরোপে পাড়ি দেওয়ার পর থেকে দ্রুত নিজেকে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নেইমার। জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনারও অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি।

গত বছর কাতালান দলটির পাঁচটি শিরোপা জয়ে অসামান্য ভূমিকা ছিল ব্রাজিল অধিনায়কের। তার স্বীকৃতি হিসেবে ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের তিন জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ক্লাব সতীর্থ মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় ২৩ বছর বয়সী এই তারকাকে।

তবে নেইমারের বর্ষসেরা হওয়াটা সময়ের ব্যাপার বলেই মনে করেন মেসি।

ফ্রান্স ফুটবলকে মেসি বলেন, “আমার বিশ্বাস, নেইমার এক দিন ব্যালন ডি’অর জিতবে। প্রয়োজনীয় সব গুণই তার আছে। সে অসাধারণ এক খেলোয়াড়।"  

এ মৌসুমেও দারুণ ফর্মে আছেন নেইমার। এখন পর্যন্ত লা লিগায় ১৬টি গোল করা এই সতীর্থের প্রশংসায় মেসি বলেন, “সে যেমন খেলোয়াড় হতে চায়, এক দিন সে তা হবেই। তার জন্যে সব কিছুই সম্ভব। সে ক্ষিপ্র, তার দারুণ কৌশল ও দক্ষতা আছে এবং ওয়ান অন ওয়ানে সে চমৎকার।”