২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে চতুর্থ রাউন্ডে ম্যান ইউ

ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওয়েইন রুনির শেষ মুহূর্তের গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে লু্ইস ফন খালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 02:41 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে নির্ধারিত সময়ের ৭২ শতাংশ বল দখলে রাখলেও সমর্থকদের রীতিমত হতাশ করেন রুনি-অন্তনি মার্সিয়ালরা। এই সময়ে মাত্র একবারই লক্ষ্যে শট করতে পারে তারা।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন অধিনায়ক রুনি। স্বাগতিকদের বদলি নামা ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইকে ডি বক্সের মধ্যে অতিথি মিডফিল্ডার ডিন হ্যামোন্ড ফেলে দিলে পেনাল্টিটা পায় ইউনাইটেড।

এর আগে দাপুটে জয়ে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে ওঠে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে থাকা দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

আর্সেনাল ৩-১ গোলে হারায় সান্ডারল্যান্ডকে এবং ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে উড়িয়ে দেয় নরিচ সিটিকে।