জোড়া গোলের উচ্ছ্বাস রনির
বঙ্গবন্ধু গোল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পাওয়া ৪-২ গোলের জয়ে বড় অবদান শাখাওয়াত হোসেন রনির। জোড়া গোল পাওয়া এই ফরোয়ার্ডের বিশ্বাস ছোটখাট ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে তাদের পক্ষে আরও ভালো করা সম্ভব।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশের জয়ে রনি ছাড়াও নাবীব নেওয়াজ জীবন ও জাহিদ হোসেন একটি করে গোল করেন।
সপ্তদশ মিনিটে রনিই স্বাগতিক সমর্থকদের গোলের আনন্দে ভাসান। ডান দিক থেকে জাহিদের মাপা ক্রসে দারুণ প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
এরপর ৮৬তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক শহীদুলের কিকে শ্রীলঙ্কার ডুমিডু হেত্তিয়ারাচ্চি ব্যাক হেড করলে বল গোলমুখে ছুটতে থাকে। শেষ মুহূর্তে রনি টোকাটি দিয়ে গোলটি নিজের করে নেন।
হ্যাটট্রিকের ভাবনা ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে রনি বলেন, “গোলের সুযোগ পেলে তা কাজে লাগাতে চেষ্টা করি। আমার মাথায় হ্যাটট্রিক নিয়ে ভাবনা ছিল না। ভাল খেলতে পারলে হ্যাটট্রিক আসবে।”
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ ম্যাচে ভুটানের জালে দুই গোল করেন রনি। ওই ম্যাচে হ্যাটট্রিকের একাধিক সুযোগ নষ্ট করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গোল্ড কাপে শুভ সূচনা পেলেও কোচের মতো রনিও জয়ের আনন্দে ভেসে যেতে চান না।
“এ ম্যাচে পাওয়া জয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। এটা কাজে লাগিয়ে সামনের ম্যাচগুলোতে আরও ভাল করা সম্ভব। এ ম্যাচের ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে আমাদের পক্ষে আরও ভাল ফুটবল খেলা সম্ভব।”
ম্যাচের শেষ দিকে মামুনুলদের মনোযোগ হারানোর সমালোচনা করেন কোচ মারুফুল হক। তার সঙ্গে একমত রনিও।
“আমিও কোচের সঙ্গে একমত-একটা পর্যায়ে গিয়ে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। বিদেশি কোচরা এ নিয়ে কাজ করেছেন, মারুফ ভাইও করছেন। আমার মনে হয়, শুরুর দিকে এফোর্ট দিয়ে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যায়। এ কারণেই হয়তো শেষ দিকে গিয়ে ছন্দপতন ঘটে।”
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই ফরোয়ার্ড জানান, সাফ ফুটবলে ব্যর্থতার পর গোল্ড কাপের প্রথম ম্যাচে ভালো করার তাড়না ছিল তাদের মধ্যে।
