সান্ত্বনার জয় তৃপ্ত করেনি মারুফুলকে
মারুফুল হক বরাবরই এরকম; জয়ের আনন্দে কখনও ভেসে যাওয়ার মতো কোচ নন তিনি। তাই ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ভুটানের বিপেক্ষ জয়ের চেয়ে শিষ্যদের খেলা নিয়ে অতৃপ্তির কথাই জানালেন বাংলাদেশ কোচ।
ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে সোমবার ভুটানকে ৩-০ গোলে হারায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ। টানা নয় ম্যাচ পর সাফ ফুটবলে পাওয়া জয়ের আনন্দ নিয়ে কথা বলতে গিয়ে মারুফুল বললেন ‘প্রত্যাশিত জয়ের’ কথা।
“শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আমরা এসেছিলাম। কিন্তু সেমিতেও উঠতে পারেনি। ভুটানের বিপক্ষে জয়টি প্রত্যাশিতই ছিল; কেননা, দলটির কাছে আমরা আগে কখনও হারেনি।”
বাংলাদেশের শাখাওয়াত হোসেন রনি দুটি আর তপু বর্মন এক গোল করেন। কিন্তু ২৩তম মিনিটের পর দশজনের দল হয়ে যাওয়া ভুটানের জালে গোলের সুযোগ হারানোর মহড়াও দিয়েছেন বাংলাদেশের স্ট্রাইকাররা। হ্যাটট্রিকের একাধিক সুযোগ নষ্ট করেছেন রনি; আরেক স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনও সুযোগ হেলায় হারান।
“আসলে সাত গোল বা আট গোল বড় কথা নয়। ১০ জনের বিপক্ষে ১১ জন কী খেলে তা, আমরা সবাই জানি। আমার মনে হয়, ছেলেরা অপরিণত ফুটবল খেলেছে। কারণ, তাদের মনোযোগ ছিল না; তারা অনেক রিল্যাক্সড মুডে ছিলো।”
ভুটানের বিপক্ষে ভালো করার জন্য মামুনুলরা আরও বেশি অনুপ্রাণিত ছিল বলে মনে করেন মারুফুল। তবে আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে ভুটান ম্যাচের মতো খেললে ফল নিজেদের পক্ষে আসত না বলে জানান তিনি।
“ভুটান, আফগানিস্তান আর মালদ্বীপ এক ধরনের প্রতিপক্ষ নয়। তাদের বিপক্ষে এভাবে খেললে হতো না।”
মালদ্বীপ ম্যাচে সমতায় ফেরার পর শেষ দিকের দুই গোলে সর্বনাশ হয়েছিল বাংলাদেশের। কোচ জানান, আগের ম্যাচ ড্র করলেও গোলের হিসেব তারা মেলাতে পারতেন না।
“ড্র হলে হতো না; মালদ্বীপের বিপক্ষে জেতাই লক্ষ্য ছিল আমাদের। কেননা, আগের ম্যাচে আমরা চার গোল খেয়েছিলাম এবং তারা ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল। আমরা আসলে গোলের এই হিসাব মেলাতে পারতাম না।”
পেনাল্টির ও চিমি দর্জির লাল কার্ড নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তোষ জানান ভুটানের কোচ শেমা। রেফারির একাধিক সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি।
অবশ্য মামুনুলদের প্রশংসা করতে ভোলেননি ভুটান কোচ।
“আজ তারা ভালো খেলেছে। আমার মনে হয়, আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সামর্থ্যের শতভাগ খেলতে পারেনি।”
