দি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়
ফ্রান্সের লিগ ওয়ানে ক্যঁয়ের বিপক্ষে পিএসজির ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন ক্লাবটির আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
প্রতিপক্ষের মাঠে গত শনিবার ম্যাচের ষোড়শ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন দি মারিয়া।
এর কিছুক্ষণ পর জ্লাতান ইব্রাহিমোভিচকে গোল বঞ্চিত করে গোলবার। তবে ৩৬তম মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া দারুণ এক ভলি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির সুইডিশ এই ফরোয়ার্ড। এ মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার এটি পঞ্চদশ গোল।
৫০তম মিনিটে লিগে নিজের ষষ্ঠ গোল পান দি মারিয়া।
এই জয়ে ১৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট হলো ৫১। ফ্রান্সের লিগ ওয়ানে প্রথমার্ধ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়ল লরাঁ ব্লাঁর দল। এর আগে রেকর্ডটি ছিল অলিম্পিক লিওঁর। ২০০৬ সালে লিগের প্রথমার্ধ শেষে ৫০ পয়েন্ট ছিল তাদের।
ফ্রান্সের লিগ ওয়ানে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে থাকা পিএসজি এ মৌসুমে লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। প্রথম দল হিসেবে অপরাজিত থেকে লিগ ওয়ান শেষ করার হাতছানি রয়েছে তাদের সামনে।
মোনাকো ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
