হানোভারকে হারিয়ে বায়ার্নের শীর্ষস্থান মজবুত
ঘরোয়া লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেক ধাপ এগিয়েছে বায়ার্ন মিউনিখ। হানোভারের বিপক্ষে কষ্টে হলেও ১-০ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার বায়ার্নের জয়ের নায়ক টমাস মুলার। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এই জার্মান ফরোয়ার্ড।
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার এবারের আসরে বায়ার্নের এটা পঞ্চদশ জয়। একটি করে হেরেছে ও ড্র করেছে তারা।
১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
দিনের অন্য ম্যাচে কোলনের মাঠে ২-১ গোলে বরুসিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় বায়ার্নের শীর্ষস্থান মজবুত হয়েছে। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ড।
