২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোরিনোকে উড়িয়ে শেষ আটে ইউভেন্তুস

সহজ জয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইউভেন্তুস। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে সেরি আর দল রোমা ও ফিওরেন্তিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 04:16 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

সেরা ষোলোর লড়াইয়ে তোরিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার সফলতম দল ইউভেন্তুস।
 
বুধবার রাতে একই শহরের দুই দলের লড়াইয়ে ২৮তম মিনিটে সিমোনে জারার গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার ক্রিস্তিয়ান মোলিনারো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে আর প্রতিরোধ গড়তে পারেনি তোরিনো।
 
৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ইতালিয়ান স্ট্রাইকার জারা। ৭৩তম মিনিটে পাওলো দিবালা ও ৮২তম মিনিটে পল পোগবার গোলে বড় জয় নিশ্চিত হয় ১০ বারের চ্যাম্পিয়নদের।
 
ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সারির লিগ সেরি 'বি' তে খেলা স্পেসিয়ার কাছে টাইব্রেকারে হেরে গেছে রোমা। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল।
 
আর এবারই প্রথমবারের মতো সেরি আয় উঠে আসা দল কার্পির কাছে ১-০ গোলে হেরে গেছে ইতালির শীর্ষ এই লিগের এবারের আসরের দ্বিতীয় স্থানে থাকা ফিওরেন্তিনা।
 
সেরা ষোলোর অন্য ম্যাচে নাপোলি ৩-০ গোলে হারায় হেল্লাস ভেরোনাকে।